সিলেট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সিলেটের বাসার প্রধান ফটকের সামনে আগুন লাগানো হয়েছে। শুক্রবার গভীর রাতে নগরের দাড়িয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) আফজাল হোসেন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা দাবি করছেন, বাড়ির সামনে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়া হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে এই দাবি নাকচ করা হয়েছে।
পুলিশের ভাষ্য, পেট্রোল বোমা নয়, কাপড় বা কাগজজাতীয় কোনো বস্তুতে আগুন দেওয়া হয়েছিল।
উপ-পুলিশ কমিশনার আফজাল হোসেন বলেন, “বাসায় আগুন নয়, বাসার সামনে গলির একটি গেট রয়েছে। গেট পার হলে অনেকগুলো বাসা, এর মধ্যে তাঁর একটি বাসা। গেটের সামনে একটু অগ্নিসংযোগ করা হয়েছিল।”
এতে কারো কোনো ক্ষতি হয়নি।
