কুড়িগ্রাম: একজন দিনমজুরের ঘরে বিদ্যুৎ বিল এসেছে ৫০ হাজার ৩০ টাকা! যে মানুষটি প্রতিদিন পরিশ্রম করে পরিবারের ছয় সদস্যের মুখে খাবার তুলে দেন, তাঁর কাছে এই অঙ্ক কী হতে পারে ভেবে দেখেছে সরকার?

আর এত পরিমাণ বিল তো আসার কোনো কথাই না।

কুড়িগ্রামের ফুলবাড়ীর পানিমাছকুটি গ্রামের মো. ইউনূস আলীর দাবি, তাঁর বাড়িতে ব্যবহার হয় মাত্র একটি বাতি আর একটি ফ্যান। পাশাপাশি ছোট একটি মিশুক গাড়ি চার্জ দেন।

অথচ সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর—এই তিন মাসে তাঁর নামে মোট ১ হাজার ৩৯৮ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের হিসাব দেখিয়ে বিল করা হয়েছে ৫০ হাজার ৩০ টাকা।

এই হচ্ছে বিদ্যুৎ বিভাগ!

দিনমজুরের সামান্য আয়ে যেখানে ছয় সদস্যের সংসার চালানোই কঠিন, সেখানে এত বড় বিল কীভাবে পরিশোধ করবেন তিনি?

অস্বাভাবিক বিলের সমাধান চেয়ে বহুবার বিদ্যুৎ অফিসে গিয়েছেন, কিন্তু কোনো প্রতিকার পাননি বলে অভিযোগ করেছেন ইউনূস। উল্টো তাঁর সাথে দুর্ব্যবহার করা হয়েছে।

সীমিত বিদ্যুৎ ব্যবহার করে এমন অস্বাভাবিক বিল পেয়ে ভীষণ বিপদে পড়েছে ছয় সদস্যের পরিবারটি। ভুক্তভোগী মো. ইউনুস আলী ফুলবাড়ী সদর ইউনিয়নের পানিমাছকুটি গ্রামের বাসিন্দা।

পেশায় দিনমজুর ইউনুস আলীর সংসার চলে দিন এনে দিন খেয়ে। তাঁর সম্বল বলতে আড়াই শতক ভিটেমাটি।

বিদ্যুৎ বিলের কাগজ অনুযায়ী, গত সেপ্টেম্বর মাসে ৪৬৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে বিল এসেছে ২৩ হাজার ২৭ টাকা। অক্টোবর মাসে ৪২৯ ইউনিটের বিপরীতে ৯ হাজার ১৬০ টাকা এবং নভেম্বর মাসে ৫০৪ ইউনিটের বিপরীতে বিল এসেছে ১৭ হাজার ৮৪৩ টাকা। সব মিলিয়ে তিন মাসে ১ হাজার ৩৯৮ ইউনিটের বিল দাঁড়িয়েছে ৫০ হাজার ৩০ টাকা।

এ বিষয়ে ফুলবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসের জোনাল ম্যানেজার আসাদুজ্জামান মিয়া বলেন, কোনো গ্রাহকের সমস্যা থাকলে তাঁকে অফিসে এসে অভিযোগ করতে হবে। সাংবাদিকদের কাছে যাওয়ার প্রয়োজন কী?

তারা প্রতি মাসে নিজেরাই ৫০ থেকে ১০০টি মিটার পরীক্ষা করেন। কোনো মিটারে সমস্যা থাকলে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

৫০ হাজার টাকার বিলের বিষয়ে তিনি বলেন, ‘প্রকৃতপক্ষে তার বিল যদি ৫০ হাজার টাকা এসে থাকে, তাহলে তাকে ৫০ হাজার টাকা পরিশোধ করতে হবে। তবে কোনো ত্রুটি-বিচ্যুতি থাকলে তা সংশোধন করা হবে।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *