ঢাকা: ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তি, মুক্তিযুদ্ধের সেকেন্ড ইন কমান্ড, স্বাধীন বাংলার প্রথম পতাকা উত্তোলক, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, তৎকালীন জয়বাংলা বাহিনীর প্রধান জননেতা আ স ম আবদুর রব খুবই অসুস্থ।

বয়স হয়েছে ৮১ বছর।

তাঁর অসুস্থতার খবরে নিজের এলাকা রামগতিসহ বিভিন্ন মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে। তাঁর দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

আবু সায়েদ মোহাম্মদ আবদুর রব (আ স ম আবদুর রব) বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম শীর্ষ ছাত্রনেতা।

১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক ঐতিহাসিক ছাত্রসমাবেশে স্বাধীন বাংলাদেশের মানচিত্রখচিত প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন আ স ম আবদুর রব।

১৯৪৫ সালের ২ জানুয়ারি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের চর বেদমা গ্রামে জন্মগ্রহণ করেন আবু সায়েদ মোহাম্মদ আবদুর রব।

বাবা আলী আজ্জম ও মা মাজেদা খাতুনের কোলে আদরে তাঁর বেড়ে ওঠা। কিন্তু এই রাজনীতিক শৈশব থেকেই অন্যায়ের বিরুদ্ধে আপসহীন ছিলেন।

১৯৫৮ সালে অষ্টম শ্রেণিতে পড়ার সময় ছাত্র আন্দোলনের মাধ্যমে তার সংগ্রামী পথচলা শুরু হয়।

পরে ছয় দফা, ১১ দফা আন্দোলন এবং ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তিনি ১৯৬৯-৭০ মেয়াদে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং ১৯৭০-৭১ মেয়াদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *