ঢাকা: মেয়াদ শেষ হতে বাকি হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন! ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গা-পদ্মা পানিবণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

গঙ্গার পানি নিয়ে বাংলাদেশের সঙ্গে ৩০ বছরের চুক্তি করেছিল ভারতের কেন্দ্রের এইচডি দেবগৌড়ার যুক্তফ্রন্ট সরকার। তখন ঢাকায় শেখ হাসিনার সরকার ছিল।

এবং আগামি ১২ ডিসেম্বর ’৯৬ এর সেই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। তাই এর মধ্যেই চুক্তি পুনর্নবীকরণের আনুষ্ঠানিক আলোচনা শুরুর জন্য ভারতকে নতুন করে অনুরোধ জানাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার।

ঐতিহাসিক গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার সময় ঘনিয়ে আসায় চুক্তিটি নবায়নের বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু করতে ভারতকে চিঠি দেয় বাংলাদেশ।

গত ১৭ নভেম্বর ভারতের জলশক্তি মন্ত্রী সি. আর. পাতিলকে লেখা এক চিঠিতে এই অনুরোধ জানান বাংলাদেশের পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

বাংলাদেশে পানি নিরাপত্তা একটি অত্যন্ত সংবেদনশীল রাজনৈতিক ও অর্থনৈতিক ইস্যু হওয়ায়, এই চুক্তির ভবিষ্যৎ বর্তমানে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য এক বড় পরীক্ষায় পরিণত হয়েছে।

এদিকে, গঙ্গার পানিবণ্টন চুক্তির আওতায় গঠিত যৌথ নদী কমিশনের ৯১তম বৈঠকে যোগ দিতে ভারতের জলশক্তি মন্ত্রকের পাঁচ সদস্যের প্রতিনিধিদল ঢাকায় এসেছে।

শনিবার বিকেলে ঢাকায় এসে পৌঁছোয় প্রতিনিধি দলটি। যার নেতৃত্ব দিচ্ছেন ভারতের জয়েন্ট রিভার্স কমিশনের প্রধান শরদ চন্দ্র। রবিবার বৈঠক করে সোমবার ঢাকা ছাড়বেন তাঁরা।

আজ রবিবার, ২২ নভেম্বর ঢাকায় বসছে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের (জেআরসি) গুরুত্বপূর্ণ বৈঠক। এই বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা গঙ্গা ও পদ্মা নদীর পানিবণ্টন-সংক্রান্ত তথ্য-উপাত্ত বিনিময় করবেন।

তবে আগামী ১২ ডিসেম্বর শেষ হতে যাওয়া ঐতিহাসিক গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ বাড়ানো কিংবা নতুন চুক্তির বিষয়টি এবারের বৈঠকের আলোচনার এজেন্ডায় রাখা হয়নি বলে জানিয়েছে যৌথ নদী কমিশন।

এর আগে গত ২২ মে ভারতের কলকাতায় গঙ্গার পানিবণ্টনের তথ্য আদান-প্রদানের সবশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি বিদ্যমান চুক্তির অধীনে এটিই হতে যাচ্ছে দুই দেশের মধ্যকার সর্বশেষ আনুষ্ঠানিক বৈঠক।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *