বাংলাদেশের স্বাধীনতার শুরু ও এর পর থেকে প্রতিটি শাসনামলেই ধর্মীয় সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন যেন নিত্যনৈমিত্তিক ও সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আর সে অত্যাচার-নির্যাতনের কারণে চলছে অব্যাহত দেশত্যাগ।

এই যে চরম নিরাপত্তাহীনতার কারণে হিন্দুরা নিজেদের চৌদ্দ পুরুষের ঘরবাড়ি-ভিটেমাটি-ব্যবসা-বাণিজ্য-চাকরির মায়া ত্যাগ করে শুধুমাত্র প্রাণ বাঁচানো ও নারীদের সম্ভ্রম রক্ষা ও ভবিষ্যত প্রজন্মকে রক্ষার জন্য দেশ ছেড়ে চলে যাচ্ছেন প্রতিনিয়ত তা কি কেউ ভেবে দেখেছেন কখনো? নাকি হিন্দুসহ অন্য ধর্মাবলম্বীরা দেশত্যাগ করলে মুসলিম জনগোষ্ঠীর পক্ষে একটি ইসলামী রাষ্ট্র গঠনের জন্য সোনায় সোহাগা হয়?

এ জন্যই কি একাত্তরের পরাজিত অপশক্তি সেই জামায়াতে ইসলামী ও তাদের দেশি-বিদেশী দোসররা বাংলাদেশকে হিন্দুশূন্য করার উন্মত্ত নীলনকশার বাস্তবায়নে নেমেছে?

বাংলাদেশে মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে হিন্দুদের ওপর সংঘটিত নানা অত্যাচার-নিপীড়ন ও জনসংখ্যা হ্রাসের ধারাবাহিক চিত্র ও মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদনে ও আদমশুমারির তথ্যে এমটিই প্রমাণ করে।

ঐতিহাসিক প্রেক্ষাপট, জনসংখ্যা ও নির্যাতনের পরিসংখ্যান এবং রাজনৈতিক-সামাজিক কারণগুলোর একটি বস্তুনিষ্ঠ বিশ্লেষণ খুব জরুরি এক্ষেত্রে।

একাত্তরের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে যে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটেছিল, তার মূল স্তম্ভ ছিল অসাম্প্রদায়িকতা ও ধর্মনিরপেক্ষতা। কিন্তু স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে এসে পেছনে তাকালে দেখা যায়, রাষ্ট্রের সেই মৌলিক চেতনা বারবার হোঁচট খেয়েছে।

শাসনক্ষমতায় যে দল বা গোষ্ঠীই আসুক না কেন, ধর্মীয় সংখ্যালঘু—বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তাহীনতা, সম্পত্তি বেদখল এবং দেশত্যাগের এক নীরব মিছিল যেন এ দেশের রাজনীতির এক অবিচ্ছেদ্য ট্র্যাজেডিতে পরিণত হয়েছে।

বাংলাদেশের রাজনীতিতে মানে ইলেকশনে আওয়ামীরীগ জিতলেও হিন্দুদের দোষ দেয়া হয়। বিরোধী পক্ষ থেকে ঢালাওভাবে বলা হয়- হিন্দুরা আওয়ামীলীগকে ভোট দেয়াতে এমনটি হয়েছে। সুতরাং তাদেরকে মারো। আর যদি আওয়ামীলীগ হারে তাহলেতো আর কথাই নেই।

এবার যতখুশি মারতে পারবে হিন্দুদেরকে, কেউ আর বাঁধা দেবেনা। মানে দাঁড়ালো- সব দোষ হিন্দুদের। কিন্তু এবার ২০২৬ এর ফেব্রুয়ারিতে ইলেকশনেতো আওয়ামীলীগ অনুপস্থিত ছিল। হিন্দুদের অধিকাংশ কিন্তু গনতন্ত্র রক্ষায় ও ইসলামী চরমপন্থী গোষ্ঠীগুলোকে ঠেকাতে বিএনপিকে ভোট দিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় জিতিয়েছে।
কিন্তু তাতে কোন লাভ হলো? হয়নি। কারণ বিএনপি হিন্দুদেরকে অবিশ্বাস করে।

তাদেরকে এদেশের নাগরিক হিসেবেই মনে করেনা। তাই যদি না হবে তাহলে নড়াইলে এভাবে কোন যুক্তিতে হিন্দুদের ঘরবাড়ি জ্বালিয়ে দেয়া হলো? এমনও শোনা গেছে সেখান থেকে কয়েকজন নারীকে চরমভাবে অপমানিত করা হয়েছে এমনকি কয়েকজনকে অপহরণ করা হয়েছে।

কিন্তু সরকারি কোন ভাষ্য নেই তাতে। বরং পুরো অস্বীকার করা হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যে, সেখানে হিন্দুদের ওপর কোন অত্যাচার বা ঘরবাড়ি জ্বালিয়ে দেয়া হয়নি।

বিএনপি ও সরকারের প্রশাসনযন্ত্র থেকে সাফাই গাওয়া হচ্ছে- কৃষক দলের দুই নেতাকে ১৮ তারিখে আওয়ামী লীগের মিছিল থেকে হত্যা করা হয়েছে। অসমর্থিত একটি সূত্র জানাচ্ছে ওই হত্যাকাণ্ডের পেছনে ছিল বিএনপি’র অভ্যন্তরীণ দ্বন্দ্ব।

সুযোগসন্ধানী বিএনপির গ্রুপটি এই আওয়ামীলীগ-বিএনপির রাজনৈতিক বিবাদকে সুকৌশলে কাজে লাগিয়েছে মাত্র। এখানে অভিযোগকারী ও অভিযুক্ত দুটোই রাজনৈতিক দল, কিন্তু ২০ তারিখ রাতে নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে ঘোষপাড়ায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হলো কেন? তারা কী আওয়ামী লীগের নেতা-কর্মী? মোটেও না।

ইতোমধ্যে ‘সিস্টেম’ অনুযায়ী পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে-“নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের তথ্য সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট, ওই এলাকায় কোনো হিন্দু বসতি নেই এবং ছড়ানো ভিডিও বা ছবিগুলো চট্টগ্রামের পুরনো অগ্নিকাণ্ড কিংবা এআই-নির্মিত”।

বাংলাদেশের সাম্প্রদায়িক হামলা-অত্যাচার-সন্ত্রাসের এটিই যেন এক‘ অমোঘ বাণী’ হয়ে দাঁড়িয়েছে। আওয়ামী বিরোধী কারো ওপর হামলা হলেই তার দোষ এসে পড়ে হিন্দুদের ওপর। আরে ভাই এদেশে হিন্দুদের নিজের প্রাণ বাঁচাতেই হিমশিম খেতে হয়, সেখানে অন্যের ওপর বিশেষ করে মুসলমানের ওপর হামলা করার সাহস কোথায় তার?

সেই ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের আগে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের প্রধান লক্ষ্যবস্তু ছিল বাঙালি হিন্দু সম্প্রদায়।

মুক্তিযুদ্ধের নয় মাসে লাখ লাখ মানুষ প্রাণ হারান এবং প্রায় এক কোটি শরণার্থী ভারতে আশ্রয় নিতে বাধ্য হন, যাঁদের সিংহভাগ মানে প্রায় ৯৫ শতাংশ নাগরিকই ছিল হিন্দু। স্বাধীনতার পর সংবিধানে ধর্মনিরপেক্ষতা যুক্ত হলেও পাকিস্তানি আমলের ‘শত্রু সম্পত্তি আইন’ পরবর্তীতে ‘অর্পিত সম্পত্তি আইন’ নামে বহাল থাকায় সংখ্যালঘুদের ভূমি হারানোর প্রক্রিয়া আইনি কাঠামোর ভেতরেই চলতে থাকে।

১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর রাষ্ট্রের আদর্শিক চরিত্রে বড় ধরনের পরিবর্তন আসে। জিয়াউর রহমান সংবিধান থেকে ‘ধর্মনিরপেক্ষতা’ বাদ দেন এবং এরশাদ আমলে ১৯৮৮ সালে ইসলামকে ‘রাষ্ট্রধর্ম’ ঘোষণা করা হয়।

১৯৯০ সালে ভারতের বাবরি মসজিদ কেন্দ্রিক উত্তেজনার জেরে বাংলাদেশে ব্যাপক সাম্প্রদায়িক সহিংসতা ঘটে। রাষ্ট্রের এই রূপান্তর সংখ্যালঘু নাগরিকদের মনস্তাত্ত্বিকভাবে প্রচন্ড রকমের আতংকের মধ্যে ঠেলে দেয়।

নব্বইয়ের কথিত গণতান্ত্রিক উত্তরণের পর ১৯৯১-৯২ সালে বাবরি মসজিদ ভাঙার প্রতিক্রিয়ায় দেশজুড়ে মন্দির ও হিন্দু বসতিতে হামলা হয়। তবে স্বাধীনতা-পরবর্তী সময়ে সবচেয়ে ভয়াবহ ও সুসংগঠিত সহিংসতা দেখা যায় ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে বিএনপি-জামায়াত জোট শাসনামলে।

পরবর্তীতে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশনের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ওই সহিংসতায় প্রায় ২৫ হাজার ব্যক্তি ও তৎকালীন ক্ষমতাসীন জোটের ২৫ জন মন্ত্রী-সাংসদ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিলেন। সে সময়ের তিনটি আলোচিত ঘটনা আজও ইতিহাসের কালো অধ্যায় হয়ে আছে।

সিরাজগঞ্জের পূর্ণিমা রানী শীল (অক্টোবর ২০০১):

২০০১ সালের ৮ অক্টোবর রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অষ্টম শ্রেণির ছাত্রী ১৩ বছর বয়সী পূর্ণিমা রানী শীলের বাড়িতে হামলা চালায় একদল সন্ত্রাসী।

পরিবারের সদস্যদের সামনেই তাকে তুলে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। দীর্ঘ এক দশক আইনি লড়াইয়ের পর ২০১১ সালে এ মামলায় ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ড হলেও ঘটনাটি তৎকালীন রাষ্ট্রীয় উদাসীনতা ও নারী নির্যাতনের ভয়াবহতাকে বিশ্বদরবারে উন্মোচিত করেছিল।

অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরী হত্যাকাণ্ড (নভেম্বর ২০০১):

চট্টগ্রামের নাজিরহাট কলেজের অধ্যক্ষ এবং মুক্তিযুদ্ধের সংগঠক গোপাল কৃষ্ণ মুহুরীকে ২০০১ সালের ১৬ নভেম্বর সকালে তাঁর জামাল খান রোডের বাসায় ঢুকে অস্ত্রধারীরা গুলি করে হত্যা করে।

দিনের আলোয় একজন বরেণ্য শিক্ষাবিদকে এভাবে হত্যা করার ঘটনায় পুরো দেশের সংখ্যালঘু ও প্রগতিশীল সমাজ স্তম্ভিত হয়ে পড়ে।

ভোলা ও বাগেরহাটের গণ-উচ্ছেদ (২০০১–২০০২):

নির্বাচনের পরপরই ভোলার চরফ্যাশন, লালমোহন এবং বাগেরহাটের মোল্লাহাট ও চিতলমারী এলাকায় শত শত হিন্দু পরিবারের বাড়িঘর লুটপাট, পুকুরের মাছ ধরে নেওয়া এবং বসতভিটায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। প্রাণের ভয়ে হাজার হাজার মানুষ সীমান্ত পাড়ি দিয়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন।

আওয়ামী লীগ আমল; ধর্মনিরপেক্ষতার বয়ান বনাম বাস্তবতা:

২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা ১৫ বছর ধর্মনিরপেক্ষতার দাবিদার আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন থামেনি।

২০১২ সালে রামুতে বৌদ্ধ পল্লীতে হামলা, ২০১৩ সালে যুদ্ধাপরাধের রায়কে কেন্দ্র করে হিন্দুদের বাড়িঘরে অগ্নিসংযোগ, ২০১৬ সালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর এবং ২০২১ সালে দুর্গাপূজার সময় কুমিল্লা, নোয়াখালী ও রংপুরের পীরগঞ্জে ভয়াবহ তাণ্ডব ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ধর্ম অবমাননার’ গুজব ছড়িয়ে হামলা চালানো এবং পরবর্তীতে অপরাধীদের বিচারের আওতায় না আনার সংস্কৃতি এ সময়ে প্রকট হয়ে ওঠে।

২০২৪-এর পটপরিবর্তন, ইউনূস সরকার ও সাম্প্রতিক অস্থিরতা:

২০২৪ সালের ৫ আগস্ট ‘ইসলামী-জঙ্গী-সেনা ক্যু’ এর ফলে আওয়ামীলীগ তথা শেখ হাসিনা সরকারের পতনের পর সৃষ্ট প্রশাসনিক ও রাজনৈতিক শূন্যতায় সংখ্যালঘুদের ওপর আবারও ব্যাপক আঘাত আসে।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে অসংখ্য নৃশংস ঘটনা দেশ-বিদেশে গভীর উদ্বেগের জন্ম দেয়:

পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাস হত্যা:

২০২৫ সালের ১৮ ডিসেম্বর ময়মনসিংহের ভালুকায় ‘পাইওনিয়ার নিট কম্পোজিট’ কারখানার শ্রমিক ২৭ বছর বয়সী দীপু চন্দ্র দাসকে ধর্ম অবমাননার ভিত্তিহীন অভিযোগে কারখানা থেকে বের করে দিয়ে একদল ইসলামী উগ্র জনতা পিটিয়ে হত্যা করে এবং গাছে ঝুলিয়ে মৃতদেহে আগুন ধরিয়ে দেয়। পরে র্যা ব ও পুলিশের তদন্তে ধর্ম অবমাননার কোনো প্রমাণ মেলেনি।কিন্তু অপরাধীদের কোন মাস্তি হয়েছে এমন কোন তথ্য পাওয়া যায়নি।

ঘটনাটি আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার জন্ম দিলে সরকার নিহতের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা দিয়ে তার দায়িত্ব সেরেছে। কোউকে হত্যার পর তার পরিবারকে টাকা-পয়সা দিলেই কিতো পুরণ হয়? না নিরাপত্তার আস্থা ফিরে আসে?

চট্টগ্রামের হাজারী গলিতে ইসলামী জঙ্গী ও সেনা অভিযান:

২০২৪ সালের ৫ নভেম্বর চট্টগ্রামের স্বর্ণ ও ওষুধ ব্যবসার কেন্দ্রস্থল হিন্দু অধ্যুষিত হাজারী গলিতে কথিত ধর্ম অবমাননার একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যৌথ বাহিনীর অভিযানের সময় সংঘর্ষে বেশ কয়েকজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থানীয় বাসিন্দা আহত হন।

পরবর্তীতে এলাকার দোকানপাট সিলগালা করা, সিসি ক্যামেরা ভাঙচুর এবং শতাধিক সংখ্যালঘুকে গণগ্রেপ্তার ও মামলার আসামি করার ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক তৈরি হয়।

মূলত তখন জামায়াতে ইসলামীর ব্যবসায়ীরা হাজারি গলির পাইকারি ওষুধ ও সোনার ব্যবসার দখল নিতে চেয়েছিল। কারণ হাজারি গলি হলো পাইকারি ওষুধ ও সোনা ব্যবসার অন্যতম কেন্দ্র চট্টগ্রামে।

আর এখানকার অধিকাংশ ব্যবসায়ী হলো হিন্দু। তাই এটিকে দখল করার একটি অজুহাত খুঁজছিল জামায়াতে ইসলামীর ব্যবসায়ীরা।

চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ও কারাবাস:

হিন্দু ধর্মীয় সংখ্যালঘুদের ৮ দফা দাবি আদায়ে সোচ্চার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে ২০২৪ সালের নভেম্বরে রাষ্ট্রদ্রোহসহ একাধিক মামলায় গ্রেপ্তার করা হয়।

হাইকোর্ট দুটি মামলায় জামিন দিলেও রাষ্ট্রদ্রোহ ও হত্যা মামলা বিচারাধীন থাকায় তিনি দীর্ঘ সময় ধরে কারাগারে রয়েছেন। সম্প্রতি তাকে চট্টগ্রাম কারাগার থেকে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়েছে অত্যন্ত গোপনে।

কিন্তু নিরামিষ আহারি এই সাধুর যে সঙ্গী তাঁর নিরামিষ খাবার রান্না করে দিতেন তাকে নেয়া হয়নি চিন্ময়ের নতুন কারাগারে। ফলে চিন্ময় সাধু মানসিক ও দৈহিকভাবে চরম নির্যাতনের শিকার হচ্ছেন।

চাকরিচ্যুতি ও প্রশাসনিক বৈষম্য:

২০২৪-এর পটপরিবর্তনের পর দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যাংক ও সরকারি-বেসরকারি দপ্তর থেকে অনেক হিন্দু শিক্ষক ও কর্মকর্তাকে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে জোরপূর্বক পদত্যাগ বা বরখাস্ত করার অভিযোগ ওঠে। এছাড়া ৪৩তম বিসিএসের দ্বিতীয় গেজেটে বাদ পড়া ২৬৭ জনের মধ্যে ৭১ জনই ধর্মীয় সংখ্যালঘু হওয়ায় নিয়োগ প্রক্রিয়ায় বৈষম্যের প্রশ্ন তোলে সংখ্যালঘু অধিকার সংগঠনগুলো।

পুলিশ প্রশাসন সহ বিভিন্ন পদে সরকারি চাকরিরত হিন্দুদেরকে কোন কারন ছাড়াই চাকরিচ্যুত ও এরপর নানা মামলায় গ্রেপ্তার করা হয়েছে ও হচ্ছে।

২০২৬ সালের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বিএনপি জয়লাভ করে সরকার গঠনের পর সংখ্যালঘুদের একটি অংশ গণতান্ত্রিক পরিবেশ ও নিরাপত্তার আশা করেছিল। কিন্তু মাঠপর্যায়ের সহিংসতা পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

২০২৬ সালের নভেম্বর মাসে নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা নিহত হওয়ার জেরে প্রতিশোধমূলক হামলায় সংখ্যালঘুদের বাড়িঘর জ্বালিয়ে দেয়া হয়েছে যা এরই মধ্যে বলেছি।

পরিসংখ্যানের আয়নায় জনসংখ্যা হ্রাস ও নির্যাতন:

সরকারি আদমশুমারি এবং মানবাধিকার সংস্থাগুলোর তথ্য বিশ্লেষণ করলে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের অস্তিত্ব সংকটের চিত্রটি স্পষ্ট হয়ে ওঠে। তবে বলে রাখা ভালো যে- সরকারি রপরিসংখ্যানে প্রতিবারই হিন্দুদের জনসংখ্যা কমিয়ে দেখানোর জন্য একটি অলিখিত আদেশ থাকে যা বলেছেন এই পরিসংখ্যান তৈরীর সঙ্গে সংশ্লিষ্ট নামপ্রকাশে অনিচ্ছুক অফিসাররাই। কারণ তাদেরওতো চাকরি ও নিরাপত্তার ভয় আছে।

১৯৭১ সালে স্বাধীনতার সময় বাংলাদেশে হিন্দু জনসংখ্যা ছিল প্রায় ১৩.৫ শতাংশ। ১৯৭৪ সালের প্রথম আদমশুমারিতে তা ছিল ১৩.৫৪ শতাংশ। এরপর ২০১১ সালে তা কমে দাঁড়ায় ৮.৫৪ শতাংশে এবং ২০২২ সালের সর্বশেষ জনশুমারিতে তা নেমে এসেছে ৭.৯৫ শতাংশে (সংখ্যায় প্রায় ১ কোটি ৩১ লাখ ৩০ হাজার)।

অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাতের গবেষণা অনুযায়ী, ১৯৬৪ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রায় ১ কোটি ১৩ লাখ হিন্দু ধর্মাবলম্বী মানুষ নির্যাতন, বৈষম্য ও নিরাপত্তাহীনতার কারণে বাংলাদেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন—অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় ৬৩২ জন মানুষ দেশ ছেড়েছেন।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত ২৩ মাসে সংখ্যালঘুদের ওপর মোট ২,৯৬৩টি সহিংসতার ঘটনা ঘটেছে।

অন্যদিকে, ‘হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিজ’ (HRCBM)-এর তথ্যমতে, কেবল ২০২৬ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চার মাসে দেশের ৬২টি জেলায় সংখ্যালঘুদের ওপর ৫০৫টি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত হয়েছে, যার মধ্যে হত্যা, অপহরণ, মন্দির ভাঙচুর ও সম্পত্তি দখলের ঘটনা রয়েছে।

বাংলাদেশকে সংখ্যালঘুশূন্য করে একটি একরৈখিক রাষ্ট্রে পরিণত করার কোনো অফিসিয়াল ঘোষিত নীতি না থাকলেও, বাস্তবতা ও পরিসংখ্যান একটি ‘নীরব নির্বাসন’-এর দিকেই ইঙ্গিত করে।

এর পেছনে তিনটি মূল কারণ স্পষ্ট—বিচারহীনতার সংস্কৃতি, ভূমিদস্যুতার অর্থনীতি এবং সংখ্যালঘুদের রাজনৈতিক ‘বলির পাঁঠা’ বানানোর প্রবণতা। ক্ষমতার পালাবদল হলেই সংখ্যালঘুদের একটি নির্দিষ্ট দলের সমর্থক হিসেবে চিহ্নিত করে আক্রমণ করা হয়, আবার ক্ষমতাসীনরাও ভোটের রাজনীতিতে তাদের ব্যবহার করলেও প্রকৃত সুরক্ষা দেয় না।

একটি রাষ্ট্রের সভ্যতা ও গণতান্ত্রিক মানদণ্ড নির্ধারিত হয় সে দেশের সংখ্যালঘুরা কতটা নিরাপদ তার ওপর। তাই কেবল মৌখিক আশ্বাস বা লোকদেখানো তদন্ত কমিটি নয়; অবিলম্বে ‘সংখ্যালঘু সুরক্ষা আইন’ প্রণয়ন, দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে প্রতিটি সাম্প্রদায়িক হামলার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং প্রশাসন ও চাকরিক্ষেত্রে বৈষম্য দূর করা জরুরি।

তা না হলে মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনা কেবল ইতিহাসের পাতায় সীমাবদ্ধ থাকবে, আর নিজ ভূমিতেই পরবাসী হয়ে থাকবে এ দেশের ভূমিপুত্ররা।

আর এসব করে বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্রে পরিণত করার ষোলকলা পূর্ণ করতে চাইছে একটি স্বার্থান্বেষী ইসলামিক গোষ্ঠী। এই গোষ্ঠীটি প্রয়োজনে বিদেশের অন্য ধর্মের লোকজনকেও প্রশ্রয় দেবে, কিন্তু নিজ দেশে হিন্দুদেরকে থাকতে দেবেনা।

# ইশরাত জাহান: লেখক, প্রাবন্ধিক ও নারী অধিকার সংগঠক।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *