ঢাকা: মা হয়েছেন অভিনেত্রী মৌসুমী হামিদ। ঢাকার একটি হাসপাতালে ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। অভিনেত্রীর ছেলের নাম রাখা হয়েছে ওহী বিন ওয়াদুদ।
ব্যক্তিগত কারণেই মা হওয়ার তারিখ প্রকাশ করতে চাননি এই অভিনেত্রী।
সদ্য মা হয়ে অভিনেত্রী জানান, সন্তানকে নিয়েই এখন সময় কেটে যাচ্ছে মৌসুমীর। ছেলের খাওয়ানো, ঘুম পাড়ানোসহ নতুন জীবনের সঙ্গে মানিয়ে নেওয়া হচ্ছে তার প্রতিদিনের রুটিন।
ছেলের চেহারায় নিজের ছাপ দেখতে পেয়েছেন বলে জানিয়ে সন্তানের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।
এর আগে গত জুলাইয়ে মা হতে যাওয়ার সুখবর জানিয়েছিলেন মৌসুমী। এবং একই সময়ে স্বামী আবদুল ওয়াদুদকেও সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন তিনি।
অভিনেত্রী জানিয়েছিলেন, ১৪ বছরের বন্ধুত্বের সম্পর্ক থেকেই তাঁদের বিয়ের সিদ্ধান্ত।
লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি পান মৌসুমী হামিদ। এক যুগের বেশি সময় ধরে নাটকে অভিনয় করছেন তিনি।
