রংপুর: রংপুরে গণপতি চক্রবর্তীর পরিবারকে যারা হত্যা করেছে, তাদের যে লুকিয়ে রাখা হয়েছে, এই ঘটনার প্রথম থেকেই তা স্পষ্ট। হাজার রকম কথা সামনে আনা হয়েছে চারজনের হত্যাকান্ডের পর। এই সরকারের মুরোদ নেই হত্যাকারীকে ধরে ফাঁসির মঞ্চে ঝুলানোর। আইনের হাত পা বেঁধে রেখেছে এরা।
রংপুর নগরের মাসুয়াপাড়া মহল্লায় বহুল আলোচিত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, কন্যা ও পুত্রসহ চারজনকে নৃশংসভাবে হত্যার ঘটনার তিন মাস পর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আদালতে ত্রুটিপূর্ণ অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করতে এসে সেটা সংশোধনের জন্য ফিরিয়ে নিয়ে গেছে।
চার খুনের ঘটনাকে চুরির ঘটনা হিসেবে উল্লেখ করে অভিযোগপত্র তৈরি করা হয়েছে, এমন তথ্য ফাঁস হওয়ায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার মামলায় “সিআইডির ফরেনসিক প্রতিবেদনসহ গুরুত্বপূর্ণ তথ্য চার্জশিটে (অভিযোগপত্র) সংযুক্ত করা হয়নি”।
অসঙ্গতি ধরা পড়ে যাওয়ায় আদালতে জমা না দিয়ে চার্জশিট ফিরিয়ে নিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
প্রশ্ন হচ্ছে: কি গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছে সরকার? কার নির্দেশে এই লুকোচুরি করেছে পুলিশ?
আপনাদের নিশ্চয়ই মনে আছে রংপুরের আলোচিত সেই নৃশংস হত্যাকাণ্ডের কথা। চলতি বছরের ২২ আগস্ট রাতে নগরীর মাছুয়াপাড়ার নিজেদের বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী এবং দুই সন্তান আগামী ও আয়ুশের মরদেহ উদ্ধার করা হয়। পুরো দেশকে নাড়িয়ে দেওয়া এই ঘটনায় শুরু থেকেই পুলিশের ভূমিকা ছিল চরম প্রশ্নবিদ্ধ।
দেখেছেন নিশ্চয়ই, ছাদ ধুইয়ে দেয়া হয় পানি দিয়ে প্রমাণ লোপাটের জন্য।
ঘটনার পরপরই পুলিশ একের পর এক নাটকীয়, মিথ্যাচার ও বিভ্রান্তিমূলক স্ক্রিপ্ট সাজাতে শুরু করে।
মূল ঘটনা আড়াল করতে প্রতিবেশী দুই তরুণ সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গভীর ষড়যন্ত্র করে এই মামলায় ফাঁসানো হয় বলে অভিযোগ ওঠে।
পুলিশ গল্প সাজায় যে, ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায়, অথবা চুরির উদ্দেশ্যে প্রবেশ করে এই দুই তরুণ একে একে চারজনকে শ্বাসরোধ করে হত্যা করেছে। অথচ তাদের এই সাজানো গল্পের সঙ্গে বাস্তবতার কোনো মিল ছিল না।
পুলিশ পাহারায় থাকা অবস্থাতেই বাড়ির ছাদে পানি ছেড়ে গুরুত্বপূর্ণ আলামত ধুয়ে ফেলা হয়, সামনে আসে আসামিদের ‘শার্ট বিতর্ক’। সেই পানির সুইচ নাকি ভুল করে দেয়া হয়, পানি উপচে পড়তে থাকে! ধুয়ে যায় প্রমাণ।
শুধু তাই না, আরো অনেক পয়েন্ট আছে।
এমনকি মর্গের ডোমও সাংবাদিকদের কাছে স্বীকারোক্তি দিয়ে জানান যে, মরদেহগুলোতে শ্বাসরোধে হত্যার চেয়ে ভিন্ন ধরনের আঘাতের চিহ্ন ছিল যা পুলিশের পুরো বক্তব্যকেই মিথ্যা প্রমাণ করে।
শুধু তাই নয়, সিদ্ধার্থ ও মুগ্ধকে মাদকাসক্ত প্রমাণ করতে ঘটনার আট দিন পর কারাগারে গিয়ে ডোপ টেস্ট করা হয়। কিন্তু সেই ডোপ টেস্টের রিপোর্টে তাদের শরীরে মাদকের কোনো প্রমাণই পাওয়া যায়নি।
এত নাটক কাকে বাঁচানোর জন্য? সরকারের ঘনিষ্ঠ কেউ? নাকি আরো কিছু?
আর চার্জশিট নিয়ে তো খেলছে পুলিশ।
রবিবার (২২ নভেম্বর) সকালে এই ঘটনা ঘটে। এ বিষয়ে রংপুর মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল হাদী বেলাল জানান, অভিযোগপত্রে ত্রুটি থাকায় সেটি সংশোধন করার জন্য বলা হয়েছে, তবে এ নিয়ে তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি।
জানা গেছে, মহানগর ডিবির পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা জিন্নাত আলী অভিযোগপত্র, মামলার সিডিসহ অন্যান্য কাগজপত্র নিয়ে গোপনে আদালত চত্বরে আসেন এবং মহানগর দায়রা জজ আদালতের সংশ্লিষ্ট বিভাগে তা জমা দেওয়ার চেষ্টা করেন। এ সময় নাম প্রকাশ না করার শর্তে মেট্রোপলিটন আদালতের একজন সরকারি আইনজীবী অভিযোগপত্রটি দেখে সিআইডির ফরেনসিক প্রতিবেদনসহ বেশ কিছু অসঙ্গতি দেখতে পান এবং তা সংশোধনের পরামর্শ দেন।
পরিস্থিতি বুঝে তদন্তকারী কর্মকর্তা জিন্নাত আলী কাগজপত্র নিয়ে দ্রুত আদালত চত্বর ত্যাগ করেন এবং রংপুর মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে গিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানান।
এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুব রশীদ ও ডিবির উপকমিশনার সনাতন চক্রবর্তী গণমাধ্যমের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি।
মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, তদন্তকারী কর্মকর্তা জিন্নাত আলী নাকি অল্প কিছুদিনের মধ্যে অবসরে যাবেন। এ কারণে গভীর অনুসন্ধান ছাড়াই তড়িঘড়ি করে অভিযোগপত্র তৈরি করে আদালতে দাখিল করতে এসে ত্রুটি পাওয়ায় তিনি তা ফিরিয়ে নিয়ে গেছেন।
