ফরিদপুর: পদ্মফুলের ডাঁটা থেকে তৈরি হচ্ছে লাখ টাকার সুতা! শুনতে অবাক লাগলেও এটাই সত্য। বাংলার মানুষ কাজ করতে জানে।
ফরিদপুরের চাঁপাই বিলের অবহেলিত পদ্মের ডাঁটা থেকেই তৈরি হচ্ছে বিশ্বমানের পরিবেশবান্ধব লোটাস সিল্ক বা পদ্ম সুতা।
আজ্ঞে ঠিক এমনটাই ঘটছে ফরিদপুরের রনকাইল গ্রামের পাশেই বিশাল চাঁপাই বিলে। বর্ষায় এই বিলে ফুটে থাকে রাশি রাশি গোলাপি পদ্ম।
আগে এই পদ্মের ডাঁটাগুলো কোনো কাজেই লাগত না, পানিতেই পচে নষ্ট হতো। কিন্তু এখন সেই অবহেলিত ডাঁটা থেকেই তৈরি হচ্ছে বিশ্বের অন্যতম দামি এবং পরিবেশবান্ধব সুতা ‘লোটাস সিল্ক’ !
বেঙ্গল প্ল্যান্টস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট-এর একটি গবেষণা প্রকল্পের আওতায় রনকাইল গ্রামের নারীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়।
অবিশ্বাস্য ব্যাপার হলো, মাত্র ৩ দিনের প্রশিক্ষণেই গ্রামের এই নারীরা পদ্মের ডাঁটা থেকে সূক্ষ্ম সুতা বের করার কৌশল রপ্ত করে ফেলেন!
স্থানীয় নারীদের হাতের আন্তরিক ছোঁয়ায় সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি এই মূল্যবান সুতা আন্তর্জাতিক বাজারে প্রতি কেজি ২ হাজার থেকে ৩ হাজার ৫০০ মার্কিন ডলার পর্যন্ত বিক্রি হয়। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ২ লাখ ৪৮ হাজার থেকে ৪ লাখ ৩৫ হাজার টাকা।
প্রতি গজ কাপড়ের দাম হতে পারে ১ হাজার ডলার পর্যন্ত। লোটাস সিল্কের তৈরি একটি শাড়ি বিক্রি হয় ১০ লাখ টাকার বেশি দামে। এবং এই সুতায় তৈরি পোশাকের দাম প্রায় ৫ লাখ টাকা।
তবে এই উচ্চমূল্যের পণ্য উৎপাদনের সম্ভাবনা থাকলেও চাপাইবিলে এখনো গড়ে ওঠেনি বাণিজ্যিক উৎপাদনব্যবস্থা।
উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, সাধারণ রেশম বা সিল্ক তৈরি করতে হাজার হাজার রেশম পোকা মারতে হয়। কিন্তু লোটাস সিল্কে কোনো পোকা মারা হয় না, এমনকি কোনো কেমিক্যাল বা মেশিনেরও দরকার হয় না। পুরোটাই একেবারে হাতে তৈরি।
তবে সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে ফরিদপুর হতে পারে বিশ্বমানের লোটাস সিল্ক উৎপাদনের অন্যতম কেন্দ্র।
প্রসঙ্গত, ২০২২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও পদ্ম গবেষক শিকদার আবুল কালাম শামসুদ্দিনের উদ্যোগে এখানে লোটাস সিল্ক তৈরির গবেষণা ও স্থানীয় নারীদের প্রশিক্ষণ শুরু হয়। পদ্মের ডাঁটা ভাঁজ করে বের করা সূক্ষ্ম ও আঠালো তন্তু হাতের সাহায্যে পাকিয়ে মসলিনের মতো মিহি সুতা তৈরি করা হয়।
