লক্ষ্মীপুর: দেশ অস্থিতিশীল হয়ে উঠেছে। শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরবেন, এই খবরের পরেই জামাত, বিএনপি আরো তেঁতে উঠেছে।
জয় বাংলা স্লোগানে জুজু দেখছে বিরোধীরা। এবার লক্ষ্মীপুর জেলা আদালত চত্বরে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে হট্টগোলের ঘটনা ঘটেছে।
এই সময় জেলা আওয়ামী লীগের সদস্য মনিরুজ্জামান পাটওয়ারীকেও লাঞ্ছিত করা হয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টা নাগাদ লক্ষ্মীপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে কারাগারে নেওয়ার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রিজনভ্যানে তোলার সময় এই ঘটনা ঘটে। তাঁরা জয় বাংলা স্লোগান দেয়ার সাথে সাথে আদালত চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সংশ্লিষ্ট আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) আব্দুল আহাদ শাকিল পাটওয়ারী বলেন, জামিন শুনানির জন্য ১৭ জন আসামিকে আদালতে হাজির করা হয়েছিল। কারাগারে নেওয়ার পথে প্রিজনভ্যানে ওঠার সময় তাঁরা জয় বাংলা স্লোগান দেন।
এদিকে, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান পাটওয়ারী প্রিজনভ্যানে উঠে দুই আঙুল দেখিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের হুমকি দেন। এর প্রতিবাদে বিএনপিপন্থী আইনজীবীরা বিক্ষোভ মিছিল করেন।
এদিকে আবার, সন্ধ্যার পর আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে মনিরুজ্জামান পাটওয়ারীর ছবি প্রকাশ করে তাঁকে লাঞ্ছিত করার অভিযোগ করেন। তাঁদের দাবি, জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে তাঁকে হেনস্থা করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক আইনজীবী অভিযোগ করেন, স্লোগান দেওয়াকে কেন্দ্র করে কারাগার থেকে আদালতে আনা আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা করা হয়েছে।
এতে বিএনপির নেতা লোকমান কমিশনার নেতৃত্ব দেন।
মনিরুজ্জামান পাটওয়ারী জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
