গোপালগঞ্জ: নেত্রী আসছেন! তাই বুঝি পদত্যাগ!? কী বলবো? কেউ এনসিপি ছাড়ে, কেউ জামাত, কেউ বিএনপি!
এবার বিএনপির ছয় নেতা পদত্যাগ করলেন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দলীয় কার্যক্রম ও সাংগঠনিক কর্মকাণ্ডে অসন্তোষের অভিযোগ তুলে বিএনপির ছয় নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পাটগাতী ইউনিয়নের গিমাডাঙ্গা নতুন বাজারে সংবাদ সম্মেলন করে তাঁরা পদত্যাগের ঘোষণা করেন।
পদত্যাগ করা বিএনপির ছয়জন নেতা হলেন, উপজেলার পাটগাতী ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বাচ্চু শেখ, দপ্তর সম্পাদক সজীব ফকির, ধর্মবিষয়ক সম্পাদক মিজানুর রহমান, সহ-কৃষিবিষয়ক সম্পাদক শাহানুর শেখ ও সদস্য মো. আফজাল শেখ এবং মোহাম্মদ জামাল মোল্লা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তাঁরা বলেছেন, দীর্ঘদিন ধরে তারা টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়ন বিএনপির বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে সাম্প্রতিক সময়ে টুঙ্গিপাড়ায় দলের কার্যক্রম ও সাংগঠনিক পরিবেশ নিয়ে তারা সন্তুষ্ট নন।
এ অবস্থায় তারা প্রাথমিক সদস্যপদসহ ইউনিয়ন বিএনপির পদপদবি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া ভবিষ্যতে বিএনপিসহ কোনো সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকবেন না বলেও তারা জানান।
