ঢাকা: হত্যা, মব এই দেশের রীতি হয়ে গেছে ৫ আগস্টের পর। যাকে ইচ্ছা তাকে মেরে ফেলো, কেউ কোনো কথা বলবে না। প্রশাসন নেই, সরকার নেই। দেশে গৃহযুদ্ধ লাগবে এমন পরিস্থিতিই হয়ে আছে।
এবার রাজধানীর ওয়ারীতে একটি আবাসিক হোটেলে ঢুকে কর্মীদের এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা।
এতে হোটেলটির এক ব্যবস্থাপক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন মহাব্যবস্থাপকসহ দুজন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গভীর রাতে এই ঘটনাটি ঘটে। তখন রাত প্রায় ২টা বাজে। ওয়ারীর জয়কালী মন্দিরের পাশে ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে এই হামলা হয়।
নিহত নাঈমুর রহমানের বয়স ২৬ বছর। আহত দুজন হলেন মহাব্যবস্থাপক আব্দুর রাজ্জাক (৫০) ও কর্মী হাসান (২৬)।
ওয়ারী থানার এসআই আল আমিন মিয়া গণমাধ্যমকে জানান, রাত ২টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে দুই ব্যক্তি হোটেলে ঢুকে নাঈমুরকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। তাঁর আর্ত চিৎকার শুনে আব্দুর রাজ্জাক ও হাসান এগিয়ে গেলে তাদেরও কুপিয়ে আহত করা হয়।
তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নাঈমুরকে মৃত ঘোষণা করেন।
পুলিশ কর্মকর্তা আল আমিন বলেন, ‘হোটেলের সামনে মুরগি ব্যবসায়ীদের বসা নিয়ে বিরোধের জেরে এ হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এক মুরগি ব্যবসায়ী ও তার ছেলে এ ঘটনায় জড়িত বলে প্রাথমিক তথ্য মিলেছে।’
তবে ঘটনাটা এত সহজ বলে মনে হচ্ছে না।
জানা গিয়েছে, নিহত নাঈমুর রহমান রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের পূর্ব উজানচর এলাকার গোলাম মোস্তফার ছেলে। চাকরির পাশাপাশি তিনি পড়াশোনাও করতেন।
পরিবারের স্বপ্ন ও নিজের ভবিষ্যৎ গড়ার প্রত্যাশা নিয়ে রাজধানীতে কর্মজীবন শুরু করেছিলেন এই তরুণ।
নাঈমের মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।
প্রিয়জনকে হারিয়ে পরিবারে চলছে আহাজারি। তরুণ নাঈমের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে শোকাহত পুরো পূর্ব উজানচর এলাকা।
