দেশ-বিদেশে অবস্থানকারি আওয়ামীলীগ নেতাকর্মীতো বটেই সাধারণ নাগরিকরাও অধীর আগ্রহে শুধু দিনক্ষণ গুণছেন। সবখানেই একই আলাপ- শেখ হাসিনা সত্যিই কি আসবেন ১৬ ডিসেম্বর?
কারণ সেদিনটি পাকিস্তানীদের জন্য চরম অপমানের দিন। ১৯৭১ এর এই দিনে স্বাধীন বাংলাদেশে পাকিস্তানের ৯৫ হাজার সৈন্য থাকা সত্ত্বেও চরম গ্লানি নিয়ে অত্যন্ত ভীতুর মত আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল।
আর সেদিনটিকেই ২০২৬ সালে এসে আওয়ামীলীগ সভানেত্রী ও স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা বীরের বেশে সাহসিকতার সঙ্গে মৃত্যুপরোয়ানা নিয়ে দেশে প্রত্যাবর্তনের ঘোষণা দিয়েছেন।
আচ্ছা এমন হাজারো মৃত্যুর ঝুঁকি নিয়ে পৃথিবীতে আর কোন নেতা দেশে ফেরার ঝুঁকি নিতে পারেন বা পেরেছেন বলতে পারেন? আরেকজন পারতেন তিনি শেখ হাসিনারই পিতা এই স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো সেই পিতার কন্যাইতো শেখ হাসিনা।
তিনি কখনোই মৃত্যু ভয়কে পরোয়া করেছেন এমন নজির নেই। যার ফলে তিনি স্পষ্ট করেই এমনটি বলতে পেরেছেন-‘আমি দেশে ফিরবোই, আমার দেশের মানুষকে বাঁচাতে, দেশকে বাঁচাতে, তাতে যদি আমার মৃত্যুও হয় তাতেও আমার আপত্তি নেই..।
শেখ হাসিনা নিষিদ্ধ। আওয়ামীলীগ নিষিদ্ধ। কিন্তু দেশের সাধারণ মানুষ, মিডিয়াতে এমনকি সরকার দলীয় লোকজনও এই শেখ হাসিনা ও আওয়ামীলীগকে নিয়েই আলোচনা আর নানা বিশ্লেষণে ব্যস্ত।
তার মানে বাংলাদেশে শেখ হাসিনা ও আওয়ামীলীগ যে কি পরিমাণ জনপ্রিয় ও বিএনপি-জামায়াত ও ইসলামিষ্টদের কাছে আতংকের বিষয় তা একটু দেখলেই বোঝা যায়। মানুষের রাজনৈতিক রসায়ন যদি বুঝতে না পারে কেউ তাহলে তাদের কপালে যে দুঃখ অবশ্যম্ভাবী তা বলার অপেক্ষা রাখেনা।
তবে দেশের রাজনৈতিক এই চরম উত্তপ্ত পরিস্থিতিতে তিনি যেখান দিয়েই আসুন সেখানে লাখো দলীয় কর্মীরা সমবেত থাকবে। এটাই স্বাভাবিক।
সেটি যদি বেনাপোল সীমান্ত হয় তাহলে সাতক্ষীরার জামায়াতের ‘ঘাঁটি অঞ্চল’ থেকে লাখ লাখ জামায়াত-শিবির ক্যাডারও বসে থাকবেনা নিশ্চয়। আওয়ামী নেতাকর্মী ও একান্ত অনুসারিরাও প্রস্তুতি নিয়েই যাবেন নেত্রীকে দেশে নিয়ে আসার জন্য।
তো এই দুই পক্ষের মুখোমুখি অবস্থান কোনোভাবেই আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর পক্ষে সমাল দেওয়া সম্ভব হবে না। যদি বাহিনীসমূহ এবং জামায়াত-বিএনপি-এনসিপিসহ অপরাপর দলগুলো শক্তি প্রদর্শনে জয়ী হয় এবং তাঁকে পুশব্যাক করে, তাহলে তাৎক্ষণিকভাবে সারা দেশে আগুন জ্বলে উঠবে।
যার প্রতিক্রিয়ায় সরকারের পতনও হতে পারে, কারণ দেশরক্ষা বাহিনীর দাঁড়িয়ে দাঁড়িয়ে অরাজকতা দেখার কথা নয়।
আর যদি শেখ হাসিনাকে সীমান্তে রিসিভ করতে জড়ো হওয়া আওয়ামী শক্তিমত্তা জয়ী হয়, তাহলে তিনি সোজা গোপালগঞ্জ যেতে পারেন এমনটাই জানা গেছে বিভিন্ন মাধ্যমে। সেখানে ওই জনশক্তি আরও শক্তিশালী হয়ে ঢাকা অভিমুখে রওয়ানা হলে আশ্চর্য হওয়ার কিছু থাকবেনা।
সেটা হলেও সরকারের জন্য চরম অশনিসংকেত হবে। কারণ ঢাকা পর্যন্ত আসতে আসতে পথিমধ্যে জনসমাবেশ কত বড় হতে পারে ধারণা করা যায় না। যা সরকারের ভিত কাঁপিয়ে দেবে। আর সেটা হলে সরকারের পতন কেবল সময়ের ব্যাপার।
তবে এসব ঘটনা সংঘটিত হওয়ার আগে সরকারের নীতি নির্ধারকদের বোধোদয় হলে তারা আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশন টেবিলে বসে সুরাহা করতে পারেন। তাতে করে শেখ হাসিনা আইনি সুবিধায় তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগসমূহ মোকাবেলা করবেন।
সেক্ষেত্রে সরকার আরও কিছুদিন সময় হাতে পাবে। কিন্তু পাকি-তুরস্ক ও জামায়াত নিয়ন্ত্রিত তারেক রহমানের সরকার কি সেটি করবে?
গত ২৪ নভেম্বর ৫০টিরও বেশি দেশের রাষ্ট্রদূত/হাইকমিশনারকে ডেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বিস্ময়করভাবে নিজ জনগণের বিরুদ্ধে যে সব অভিযোগ করেছেন এবং দমনমূলক ব্যবস্থা নেবেন বলেছেন, তার আগেই সে খবর পেয়ে শেখ হাসিনা তার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীকে দিয়ে ‘রয়টার্স’-এর মাধ্যমে দেশে ফেরার তারিখ নির্দিষ্ট করেছেন। সুতরাং বল এখন আর বিএনপির কোটে নেই। বল এখন শেখ হাসিনার কোটে।

তিনিই সাব্যস্ত করবেন; কখন ডিফেন্সিভ রাজনীতিতে থাকবেন আর কখন অফেন্সিভ রাজনীতি করবেন।
২৪ নভেম্বর ২০২৬ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা এবং বাস্তবতা এক নয়।
তার ভাষ্যমতে, শেখ হাসিনা সাধারণ কোনো যাত্রী নন, বরং একজন সাজাপ্রাপ্ত আসামি; তাই বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে হাতকড়া পরিয়েই দেশে ফিরিয়ে আনা হবে।
এর দুইদিন পরে এই ইঁচড়ে পাকা এই প্রতিমন্ত্রী হুমায়ুন ২৬ নভেম্বর ২০২৬ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার খবরকে “নিছক গুজব” বলে অভিহিত করেন।
তিনি রসিকতা করে বলেন, “ডিসেম্বরে আর কেউ আসবে না। ডিসেম্বরে একমাত্র শীত আসবে। একমাত্র গ্যারান্টি শীত আসবে।
একই দিন অর্থাৎ ২৪ নভেম্বর অপর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্তব্য করেন যে, বিশ্বের যেকোনো দেশে অবস্থিত বাংলাদেশের ৮৪টি কূটনৈতিক মিশনকে বাংলাদেশের ভূখণ্ড হিসেবে বিবেচনা করা হয় এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিসহ যেকোনো মিশনে গেলেই তাকে গ্রেপ্তার করা হবে।
তবে আন্তর্জাতিক কূটনৈতিক আইনের দৃষ্টিতে এই বক্তব্যের বাস্তব ভিত্তি নিয়ে প্রশ্ন উঠেছে। ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনস অনুযায়ী, কোনো দেশের দূতাবাস স্বাগতিক দেশের (Receiving State) সার্বভৌম ভূখণ্ডের ভেতরেই অবস্থিত।
কূটনৈতিক মিশনের কাজ হলো নিজ দেশের প্রতিনিধিত্ব করা, নাগরিকদের কনস্যুলার সেবা দেওয়া এবং দ্বিপাক্ষিক সম্পর্ক রক্ষা করা।
কিন্তু দূতাবাসের ভেতরে কোনো নাগরিককে আটক রাখা, গ্রেপ্তার করা বা জোরপূর্বক দেশে ফেরত পাঠানোর কোনো পুলিশি বা বিচারিক ক্ষমতা কূটনীতিকদের নেই। যদি কোনো দূতাবাস প্রাঙ্গণে কাউকে আটকে রাখা হয়, তবে তা স্বাগতিক দেশের সার্বভৌমত্ব ও স্থানীয় আইনের সরাসরি লঙ্ঘন হিসেবে গণ্য হয়। দায়িত্বশীল কূটনৈতিক পদ থেকে এ ধরনের মন্তব্য সরকারের আইনি ও কূটনৈতিক প্রজ্ঞা নিয়ে দেশ-বিদেশে সমালোচনার সুযোগ তৈরি করেছে।
তারেক রহমানের সরকারের মধ্যে এসব অবিবেচক-আইন না জানা মন্ত্রী যেসব কথা বা মন্তব্য করছেন সাবেক প্রধানমন্ত্রী সম্পর্ক তাতে কি এই সরকারের মান সম্মান বলে কিছু থাকলো?
শেখ হাসিনা দেশে ফেরার তারিখ ঘোষণা করেছেন। এদিকে বাংলাদেশ সরকার তাকে প্রত্যাবর্তন নয় প্রত্যর্পণ চায় ভারতের কাছে। কিন্তু ভারত সরকার সবসময়েই বলে আসছে যা হবে তা আইন মেনে হবে।
অপরদিকে শেখ হাসিনা বাংলাদেশ সরকারের কাছে সরকারি বিমান পাঠাতে বলেছেন তাকে দেশে ফিরতে দেয়ার জন্য। কারণ ২০২৪ এর ৫ আগষ্ট তাকে বাংলাদেশ বিমান বাহিনীর বিমানে করেই ভারতে জোর করে পাঠানো হয়েছিল। সুতরাং তার যুক্তিও ফেলে দেয়ার মতো নয় কোনভাবেই।
তিনি যে সরকারের কাছে রাষ্ট্রীয় বিমান চেয়েছেন. সেটাও একটি রাজনৈতিক কৌশলের অংশ মাত্র তা যে কেউ বোঝেন। তিনি নিজেও জানেন যে বিমান দেওয়া হবে না। আবার তিনি ভারতীয় বিমানেও আসবেন না।
তার পরও চাইলেন এটা বোঝাতে যে তিনি সবসময় আইনি ও গণতান্ত্রিক পথেই সবকিছুর সমাধান চাইছেন। এর আগে অর্থাৎ ২৯ ও ৩০ নভেম্বর কমপ্লিট শাটডাউন আরও একটা টেস্ট কেস। এদিনও রাজপথের দখল নিয়ে শক্তিমত্তা দেখিয়ে প্রতিপক্ষের শক্তির ভিত কাঁপিয়ে দেওয়ার সুযোগ আছে আওয়ামী লীগের সামনে।
তবে তারেক রহমানের নেতৃত্বাধীনসরকার জামায়াত-বিএনপি ও এনসিপিসহ ইসলামিষ্ট ক্যাডারদেরকে মাঠে নামিয়ে আওয়ামীলীগকে চরমভাবে দমন করতে চাইবে। যদি সরকারি সংস্থা ও এসব বেসরকারি মাস্তানরা কঠোর হয় তাহলে পরিস্থিতি আরো ঘোলাটে হয়ে উঠবে নিঃসন্দেহে।
অন্যদিকে, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে বিজয়ী হয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর থেকে ঢাকা ও নয়াদিল্লির সম্পর্কে এক ধরনের শীতলতা ও দরকষাকষি চলছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বাংলাদেশ সরকার দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির (Extradition Treaty) আওতায় ফেরত চাইছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ স্পষ্ট করেছেন যে, শেখ হাসিনা স্বাভাবিক যাত্রী হিসেবে ফিরতে পারবেন না; ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে।
পাশাপাশি, লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স (Matrix Chambers) ২০২৬ সালের ৯ ও ২০ নভেম্বর দিল্লির বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়ে শেখ হাসিনার বাতিলকৃত পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পুনর্বহালের আবেদন জানিয়েছে। সরকার এই আবেদনের স্বাক্ষরের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে এবং জানিয়েছে যে দণ্ডপ্রাপ্ত আসামিকে পাসপোর্ট দেওয়ার বাধ্যবাধকতা সংবিধানে নেই।
ইতিমধ্যে আওয়ামীলীগের কয়েকজন কেন্দ্রীয় নেতা যারা ভারতে অবস্থান করছেন তারা বেনাপোল ও আখাউড়া সীমান্ত এলাকা পরিদর্শন করে গেছেন। এটিও বিবেচনায় নেয়া দরকার।
বিএনপির তারেক সরকার সীমান্ত এলাকায় কড়াকড়িভাবে ব্যাপক পরিমান বিজিবি মোতায়েন করেছে। পাশাপাশি বিএনপি-জামায়াত-এনসিপির নেতাকর্মীরা স্থানীয় সীমান্তবর্তী লোকজনকে খেপিয়ে তুলছেন শেখ হাসিনা ও আওয়ামীলীগের বিরুদ্ধে।
এরমধ্যে দেশের নানা সীমান্ত দিয়ে কমপক্ষে দেড় শতাধিক আওয়ামীলীগের নেতাকর্মী দেশের ভেতরে ঢুকেছে বলে বিভিন্ন সংবাদমাধ্যম নিউজ করেছে।
২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলটিকে নির্বাচনে অংশ নিতে দেয়া হয়নি। পারেনি।
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, দেশের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী একটি রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রেখে যে সংসদ গঠিত হয়েছে, তা দেশের সামগ্রিক রাজনৈতিক স্থিতিশীলতার পথে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
অতীতে আওয়ামী লীগ সরকারের আমলেও বিরোধী দলগুলোর অংশগ্রহণহীন নির্বাচন নিয়ে যেমন প্রশ্ন উঠেছিল, বর্তমান বিএনপি-জামায়াত প্রভাবিত রাজনৈতিক ব্যবস্থাতেও একই ধরনের বর্জনের সংস্কৃতি অব্যাহত রয়েছে বলে সমালোচকরা মনে করেন। একটি বড় জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব সংসদে না থাকায় রাজপথের অস্থিরতা বাড়ার ঝুঁকি তৈরি হয়েছে।
ক্ষমতাসীন বিএনপি ও জামায়াত-এনসিপির ভূমিকার নানা সমালোচনা হচ্ছে। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার নয় মাসের মাথায় বেশ কিছু রাজনৈতিক ও প্রশাসনিক চ্যালেঞ্জের মুখে পড়েছে:
সরকারের একাধিক মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পরস্পরবিরোধী এবং আন্তর্জাতিক আইনবহির্ভূত বক্তব্য সরকারের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করছে। একদিকে ভারতকে কূটনৈতিক চাপে রেখে প্রত্যর্পণ চাওয়া হচ্ছে, অন্যদিকে দায়িত্বশীল পদের ব্যক্তিরা এমন সব মন্তব্য করছেন যা আন্তর্জাতিক গণমাধ্যমে সরকারের আইনি সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছে।
অবৈধ অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার ও পরবর্তীতে বিএনপি সরকারের আমলে বিচারিক প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ রয়েছে।
বিবিসি-র মতো আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনেও শেখ হাসিনার অনুপস্থিতিতে হওয়া বিচারের যথাযথ প্রক্রিয়া (Due Process) নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। রাজনৈতিক প্রতিপক্ষকে কেবল মামলা, নিষেধাজ্ঞা ও বলপ্রয়োগের মাধ্যমে দমিয়ে রাখার যে প্রবণতা দেখা যাচ্ছে, তা অতীতের স্বৈরাচারী চর্চারই পুনরাবৃত্তি বলে সমালোচিত হচ্ছে।
২০২৪-এর “ইসলামী জঙ্গী-সেনা ক্যু” পরবর্তী সময়ে জামায়াতে ইসলামী এবং ছাত্র-নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দলগুলোর (যেমন এনসিপি) প্রভাব রাষ্ট্রযন্ত্র ও মাঠের রাজনীতিতে ব্যাপকভাবে বেড়েছে। সীমান্ত এলাকা ও স্থানীয় পর্যায়ে রাজনৈতিক মেরুকরণ এবং উস্কানিমূলক বক্তব্যের কারণে সামাজিক সম্প্রীতি নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সমালোচকদের মতে, বিএনপি এককভাবে মধ্যপন্থী গণতান্ত্রিক ধারা বজায় রাখার পরিবর্তে অনেক ক্ষেত্রে ইসলামী উগ্রপন্থী ও প্রতিশোধপরায়ণ গোষ্ঠীগুলোর চাপের কাছে নতি স্বীকার করছে।
পাশাপাশি ইউনূস সরকারের সময়কাল থেকে শুরু হওয়া অর্থনৈতিক স্থবিরতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শিল্পকারখানা বন্ধ, হাজার হাজার মানুষ বেকার হওয়া এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সাধারণ মানুষের মধ্যে প্রচন্ড হতাশা তৈরি করেছে।
শুধু তাই নয় মানুষ প্রচন্ডভাবে বিক্ষুব্ধ হয়ে আছে। শুধু একটি সঠিক নির্দেশনার অপেক্ষা। সেটি পেলেই কিন্তু বাঁধ ভাঙ্গা জোয়ারের মত মানুষ সারাদেশের রাজপথে নেমে পড়বে। তখন কিন্তু কোন বাহিনী দিয়েই আর সামাল দিতে পারবেনা বিএনপির তারেক রহমান।
কারণ মানুষ জীবিকার নিরাপত্তা ও স্থিতিশীলতা চায়, যা নিশ্চিত করতে বর্তমান সরকার প্রচন্ডভাবে ব্যর্থ হয়েছে। আর সেই ব্যর্থতা ও ক্ষোভকে পূঁজি করেই আওয়ামীলীগ মাঠে নামার সাহস পাচ্ছে।
শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ইতিমধ্যেই সীমান্ত এলাকাগুলোতে উত্তেজনা বিরাজ করছে। বেনাপোল, আখাউড়াসহ বিভিন্ন সীমান্ত পয়েন্টে বিজিবির নজরদারি বাড়ানো হয়েছে।
আওয়ামী লীগের নির্বাসিত নেতাকর্মীরা যদি সীমান্ত দিয়ে প্রবেশের চেষ্টা করেন এবং দেশের ভেতরে থাকা সমর্থকরা তাতে যোগ দেন, তবে এক বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হবে।
এক্ষেত্রে সরকারের সামনে উভয়সংকট তৈরি হয়েছে :
১. সরকার যদি সীমান্তে বা দেশের ভেতরে কঠোর বলপ্রয়োগ করে, তবে তা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বিদেশি গণমাধ্যমে নেতিবাচকভাবে প্রচারিত হবে এবং তারেক রহমান সরকারের গণতান্ত্রিক বৈধতা চ্যালেঞ্জের মুখে পড়বে।
২. অন্যদিকে, শেখ হাসিনা যদি কোনোভাবে দেশে প্রবেশ করতে সক্ষম হন এবং তার সমর্থকদের মধ্যে গণজাগরণ তৈরি হয়, তবে তা বর্তমান সরকারের জন্য বড় ধরনের রাজনৈতিক অস্থিতিশীলতা ডেকে আনবে।

এরই মধ্যে গোপালগঞ্জকে ভয় পেয়ে সরকার ওই জেলাকে একেবারে বিচ্ছিন্ন করে রেখেছে। আরো কিছু কিছু এলাকায় আওয়ামীলীগ নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করছে শেখ হাসিনার পক্ষে। সারাদেশেই একপ্রকার গনজোয়ার বইতে শুরু করেছে শেখ হাসিনা ও আওয়ামীলীগের পক্ষে।
সত্যিই যদি শেখ হাসিনা ও আওয়ামীলীগের নেতাকর্মীরা বাংলাদেশের কোন সীমান্ত এলাকা দিয়ে দেশে প্রবেশের চেষ্টা করেন বিপুল সংখ্যক লোক নিয়ে তখন কি তারেক রহমানের সরকার সেনা-পুলিশ-বিজিবি বা বিএনপি-জামায়াত-
এনসিপিরক্যোডারদেরকে দিয়ে সেই বিশাল গণজোয়ার ঠেকাতে পারবে?
কারণ তা জোর করে ঠেকাতে গেলে বিদেশী সংবাদমাধ্যম ফলাও করে লাইভ প্রচার করবে। এক্ষেত্রে তারেক রহমান ও তার দোসর জামায়াত-এনসিপি বিপাকে পড়বে।
দেশের ভেতরে বিভিন্ন স্থানে আওয়ামী নেতাকর্মীরাও প্রস্তুতি নিচ্ছেন যে কোনভাবে শেখ হাসিনাকে ১৬ ডিসেম্বর দেশে আনবেনই। সুতরাং সংঘাত যেন অনিবার্য হয়ে উঠেছে। সেক্ষেত্রে তারেক রহমানের সরকার কি করবে?
সরকার একদিকে শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসির দড়িতে ঝুলাতে চায় তাদের ক্যাঙ্গারু আদালতের রায় অনুযায়ী। অথচ শেখ হাসিনা নিজেই ফিরতে চান ও আদালতে নিরপেক্ষ বিচারের প্রত্যাশা ও দাবি করেছেন। কিন্তু সরকার আবার তাকে স্বাভাবিকভাবে ফিরতে দিতে চায়না।
অর্থাৎ সরকার আন্তরিকভাবে চায়না শেখ হাসিনা দেশে ফিরুক। কারন তারেক রহমান ও তার সঙ্গী সাথীরা মুখে যাই বলুক না কেন তাদের পেট কামরানি শুরু হয়ে গেছে অনেক আগেই।
কারণ তারা জানে এরই মধ্যে শুধু আওয়ামী নেতাকর্মীই নয় দেশের সাধারন মানুষও সাবেক ইউনুস সরকার ও এখনকার বিএনপি সরকারের নানা অপকর্ম আর সহ্য করতে রাজী নয়। তারা আবার সেই আওয়ামীলীগ সরকার মানে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকেই চাইছে।
বাংলাদেশের রাজনীতি বর্তমানে এক গভীর অনিশ্চয়তা ও মেরুকরণের মধ্য দিয়ে যাচ্ছে। প্রতিশোধের রাজনীতি, দল নিষিদ্ধকরণ এবং সংলাপহীনতার সংস্কৃতি দেশকে আবারও একটি সংঘাতময় পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। ইতিহাস সাক্ষ্য দেয়, বাংলাদেশে কোনো বড় রাজনৈতিক শক্তিকে গায়ের জোরে বা আইনি মারপ্যাঁচে চিরতরে নিশ্চিহ্ন করা সম্ভব হয়নি।
বিএনপি ও তার মিত্রদের জন্য এখন সবচেয়ে বড় পরীক্ষা হলো—তারা কি অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আইনের শাসন, স্বচ্ছ বিচারিক প্রক্রিয়া এবং অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের পথে হাঁটবে, নাকি প্রতিহিংসার বৃত্তে বন্দি থেকে দেশকে নতুন কোনো অস্থিতিশীলতার দিকে নিয়ে যাবে।
১৬ ডিসেম্বরকে ঘিরে সৃষ্ট উত্তেজনা প্রশমনে সরকার কতটা প্রজ্ঞা ও সংযমের পরিচয় দেয়, তার ওপরই নির্ভর করছে আগামী দিনের বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক ভাবমূর্তি।
# রাকীব হুসেইন: লেখক, প্রাবন্ধিক।
