ঢাকা: একজন মানুষের প্রথম পরিচয় তাঁর নামে। কিন্তু নারীদের সেই নিজস্ব যে একটা নাম থাকবে, সেটা থেকেই বঞ্চিত করা হচ্ছে। অর্থাৎ নারী পুরুষশাসিত সমাজে একটা বস্তু।
তালিবানদের কাণ্ডকারখানা শুনুন তাহলে! আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে সরকারি নথিতে নারীদের নাম লেখা নিষিদ্ধ করেছে দেশটির তালিবান (Taliban) সরকার।
সবচেয়ে বড় কথা, চিকিৎসা ব্যবস্থার পত্র থেকে শুরু করে হাসপাতালের নথিতেও নারীদের নাম ব্যবহার করা যাবে না বলে জানানো হয়েছে। তাঁদের পরিচয় দিতে হবে বিবি, ছাগল, গরু শব্দ ব্যবহার করে।
অর্থাৎ পশু আর নারী সমান।
তালিবানের তরফে জারি করা নতুন নির্দেশিকায়, সরকারিকর্মী থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীদের মহিলাদের নাম ধরে ডাকতে নিষেধ করা হয়েছে।
গা শিউরে ওঠার মতো ঘটনা তো বটেই।
ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন লেখক তসলিমা নাসরিন।
তিনি ফেসবুকে লিখেছেন:
“তালিবানের এখন মেয়েদের নামেও ভয়।
আফগানিস্তানের বালখ প্রদেশে হাসপাতাল ও ক্লিনিকে মেয়েদের নিজের নামের বদলে ‘বিবি’ লিখতে বলা হয়েছে, এমনকি মেয়েদের ‘গরু’ বা ‘ছাগল’ বলেও নাকি ডাকার কথা বলা হয়েছে। নারীকে স্বতন্ত্র মানুষ হিসেবে স্বীকার করতে অস্বীকার করার জঘন্য মানসিকতা ছাড়া এ আর কিছু নয়।
একটি মেয়ের নাম উচ্চারণ করলে কী বিপদ ঘটে? পুরুষের সম্মান খসে পড়ে? ধর্মের ভিত নড়ে যায়? একটি নামের মধ্যে তো কোনও অস্ত্র লুকিয়ে নেই। আছে একজন মানুষের স্বতন্ত্র পরিচয়। তালিবানের আপত্তি সেখানেই। নারী নিজের পরিচয়ে পরিচিত হবে, নিজের নামে কথা বলবে, নিজের নামে অধিকার চাইবে—এই সামান্য স্বাধীনতাটুকুও তাদের সহ্য হয় না।
এই ব্যবস্থায় মেয়েদের শরীরের প্রয়োজন আছে। সন্তান জন্ম দেওয়ার জন্য জরায়ুর প্রয়োজন আছে। রান্না, পরিষ্কার, সেবা, সংসারের অন্তহীন শ্রমের জন্য তাদের প্রয়োজন আছে। শুধু প্রয়োজন নেই তাদের ইচ্ছের, মতামতের, স্বাধীনতার। এখন নামটুকুও অসহ্য হয়ে উঠেছে। একজন মানুষকে কতটা মুছে দিলে তার ওপর প্রভুত্ব করে নিশ্চিন্ত হওয়া যায়”?
আরো বলেন, “মেয়েদের বিশ্ববিদ্যালয়ে পড়া বন্ধ। চিকিৎসাশিক্ষার দরজাও বন্ধ। আবার পুরুষ চিকিৎসকের কাছে চিকিৎসা নিতেও বাধার পর বাধা। চিকিৎসা অসমাপ্ত রেখে নারীকে বাড়ি পাঠিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে।
এই নিষ্ঠুরতার হিসাব খুব পরিষ্কার: নারীকে চিকিৎসক হতে দেবে না, চিকিৎসকের কাছে যেতেও দেবে না; তারপর তার যন্ত্রণার ওপর ধর্মীয় বিধানের পাহারা বসাবে। মানুষের জীবন বাঁচানোর চেয়ে পুরুষের বানানো নিষেধ রক্ষা করা বেশি জরুরি!
‘বিবি’ শব্দটি নিজে অপমানের নয়। অপমান হচ্ছে একজন মানুষের নাম কেড়ে নিয়ে তার ওপর অন্য পরিচয় চাপিয়ে দেওয়া।
আমাকে কী নামে ডাকা হবে, সেই সিদ্ধান্তও যদি রাষ্ট্রের ধর্মীয় প্রহরীরা নেয়, তাহলে আমার নিজের বলে অবশিষ্ট থাকে কী? আমার শরীর কার, আমার কণ্ঠ কার, আমার জীবন কার?
আর যারা নারীকে ‘গরু’, ‘ছাগল’ বলে অপমান করে, তাদের উদ্দেশ্যও বোঝা কঠিন নয়। তারা নারীকে মালিকের অধীন একটি প্রাণী হিসেবে দেখতে চায়। মনে করিয়ে দেওয়া দরকার, কোনও প্রাণীর ওপরও অত্যাচারের অধিকার মানুষের নেই। মালিকানা আর নিষ্ঠুরতাকে জীবনের স্বাভাবিক নিয়ম বলে মেনে নেওয়াই এই চিন্তার পচন।
ধর্মের দোহাই দিলেই নারীঘৃণা পবিত্র হয়ে যায় না। কোনও বিধান মেয়েদের অশিক্ষিত রাখলে, বন্দি রাখলে, চিকিৎসা থেকে বঞ্চিত করলে, সেই বিধান প্রত্যাখ্যান করতে হবে। মানুষের তৈরি নিয়ম মানুষের জীবন ধ্বংস করলে সেই নিয়ম বদলাতেই হবে।
মেয়েদের জীবন কোনও ধর্মীয় পরীক্ষাগার নয় যে পুরুষেরা একের পর এক নিষেধ চাপিয়ে দেখবে, কতখানি যন্ত্রণা তারা চুপ করে সহ্য করতে পারে।
যারা এসবের সামনে ‘ওদের সংস্কৃতি’ বলে সরে দাঁড়ান, তাঁদের জিজ্ঞেস করি: ওই দেশের মেয়েরা কি সেই সংস্কৃতির অংশ নন? তাঁদের আপত্তি, তাঁদের আকাঙ্ক্ষা, তাঁদের স্বাধীনতার দাবি কোথায় রাখেন আপনারা? বন্দুকধারী পুরুষের কথাই একটি দেশের সংস্কৃতি হয়ে যায় কী করে?
আফগান মেয়েদের নাম আছে। সেই নামে তাদের পড়াশোনা হবে, কাজ হবে, বই ছাপা হবে, চিকিৎসা হবে। রাষ্ট্রের প্রতিটি নথিতে তাদের পূর্ণ পরিচয় থাকবে।
একটি মেয়েকে নিজের নাম উচ্চারণ করার অধিকারটুকুও পুরুষের কাছ থেকে ভিক্ষা করে নিতে হবে—এমন পৃথিবী মেনে নেওয়া যায় না। যে শাসন একটি মেয়ের নাম সহ্য করতে পারে না, সেই শাসনের অবসান চাই”।
