পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের আমেজ ক্রমেই বাড়ছে। দিনের বেলায় সূর্যের দেখা মিললেও সকাল ও রাতের ঠান্ডা বাতাসে কাবু হচ্ছেন স্থানীয়রা।

শীত নামলে একদিকে ভালো, আরেকদিকে শ্রমজীবী মানুষের কষ্ট। যদিও এভাবেই চলতে হয়।

সকালে কুয়াশা ও ঠান্ডা উপেক্ষা করে জীবিকার তাগিদে কাজে বের হতে হচ্ছে দিনমজুরদের।

দিনমজুর রবিউল ইসলাম বলেন, সকালে কাজে বের হলে বেশ ঠান্ডা লাগে, বিশেষ করে ভোরের কুয়াশা ও ঠান্ডা বাতাসে কাজ করতে কষ্ট হয়, তবে জীবিকার তাগিদে শীত উপেক্ষা করেই বের হতে হয়।

কুয়াশা না থাকলেও দেশের উত্তরাঞ্চলে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। তেঁতুলিয়ায় পারদ নেমে গিয়েছে ১১. ১ ডিগ্রি সেলসিয়াসে। তবে দেশজুড়ে পুরোদমে শীতের অনুভূতি পেতে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

নভেম্বর মাস তো শেষ। যদিও সারা দেশে এখনো কাঙ্ক্ষিত মাত্রায় পারদ নামেনি। রংপুর বিভাগের কয়েকটি জেলা ছাড়া অন্যান্য অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা এখনো ৩০ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকছে।

চলতি বছর শীতের তীব্রতা তুলনামূলক কম হতে পারে বলে আগেই সতর্ক করেছিল বিশ্ব আবহাওয়া সংস্থা। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এল নিনোর প্রভাবেই মূলত আবহাওয়ার এই অস্বাভাবিক আচরণ।

এ কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তেই নভেম্বর মাসে স্বাভাবিক মাত্রার শীত অনুভূত হয়নি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *