চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়িতে ভয়াবহ দুই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পৃথক দুই অগ্নিকাণ্ডে অন্তত ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
রবিবার (১ মার্চ) দিবাগত রাতে উপজেলার কাঞ্চননগর তেমুহনী বাজার ও গোপালঘাটা আনন্দ বাজারে ঘটনাটি ঘটে। এতে প্রচুর টাকার ক্ষতি হয়েছে।
প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রথম অবস্থায় ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাঞ্চননগর তেমুহনী বাজারের উত্তর পাশে ছাফা সওদাগরের তেল ও মুদির দোকানে প্রথমে আগুনের সূত্রপাত হয়।
ধারণা করা হচ্ছে, সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস আসার আগেই প্রায় ৮ টি দোকান পুড়ে যায়।
পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে— ছাফা সওদাগরের তেল ও মুদির দোকান, আইয়ুব সওদাগরের মুদির দোকান, আজিজুর রশিদ তালুকদার ফার্মেসি, জাহাঙ্গীর সওদাগরের কসমেটিকস দোকান, বাজার সমিতির অফিস, নেজাম সওদাগরের মিষ্টির দোকান, মিয়া সওদাগর ও জাহিদ সওদাগরের সবজির দোকান।
সেই রাতেই উপজেলার গোপালঘাটা আনন্দ বাজারে আগুনে রফিক সওদাগরের মুদির দোকান ও মইন উদ্দীন সওদাগরের চায়ের দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়।
