ময়মনসিংহ: ঈদের আগে পরপর সড়ক দুর্ঘটনাগুলো ঘটছে। প্রতিবছর এইসময় সড়ক দুর্ঘটনা বাড়ে।

ঈদে অনেক স্বপ্ন, আশা নিয়ে বাড়ির পথে রওয়ানা দেয় লাখো মানুষ। তবে নিয়তির পরিহাসে সব স্বপ্ন শেষ পর্যন্ত বাড়ি পৌঁছাতে পারে না।

আবার সবাই আবার ফিরতেও পারে না কর্মস্থলে। সড়কে একটি দুর্ঘটনা হয়ে ওঠে সারা জীবনের কান্না। বছর বছর ধরে এই দৃশ্য দেখা যাচ্ছে বাংলাদেশে।

পরিসংখ্যান বলছে, সড়ক ও মহাসড়ক দৃশ্যত ‘মরণফাঁদ’।

সংশ্লিষ্টরা বলছেন, ঈদ সামনে এলেই দেশের সড়ক, রেল ও নৌপথে যাত্রী চাপ কয়েকগুণ বেড়ে যায়।

সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলো নানা ধরনের প্রস্তুতির কথা বললেও প্রতি বছরই এসব সমস্যার পুনরাবৃত্তি ঘটে।

ঈদের সময় চালকরা তাড়াহুড়া করেন, বাস মালিকরাও বেশি আয়ের জন্য অতিরিক্ত ট্রিপ পরিচালনা করতে চালকদের প্ররোচিত করেন।

এসব বিষয়ে সরকার কঠোর হস্তে দমন না করতে পারলে দুর্ঘটনা ঘটবেই।

এবার ময়মনসিংহের ভালুকায় যাত্রীবাহী বাস, অটোরিকশা ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে অজ্ঞাত একজন নারীসহ দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতজন।

দুর্ঘটনাটি ঘটে শুক্রবার দুপুরে উপজেলার ক্লাবের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক-এর তাফরিদ কটন মিলের সামনে।

যাত্রীবাহী বাসটি এতটাই তীব্রগতিতে ছিলো যে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে একই লেনে থাকা একটি অটোরিকশা ও ইজিবাইকের ওপর উঠে যায়।

এতে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা এক নারী নিহত হন এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও একজন পুরুষের মৃত্যু হয়।

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *