ঢাকা: তেলের জন্য চারদিকে হাহাকার!
সারাদেশের ফিলিং স্টেশন গুলোতে চলছে জ্বালানি তেলের তীব্র সংকট।
পরিস্থিতি সামাল দিতে ফিলিং স্টেশন গুলোতে পুলিশ ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তেল বিক্রি করা হচ্ছে।
বিশৃঙ্খলা এড়াতে চালু করা হয়েছে রেশনিং পদ্ধতি; লাইনে দাঁড়িয়ে মিলছে সর্বোচ্চ মাত্র ২০০ টাকার তেল। দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন শত শত বাইকার।
দীর্ঘ বলতে যেইসেই দীর্ঘ? শেষ হবে না সে লাইন?
শত শত মোটরসাইকেল আরোহী তেলের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত জ্বালানি না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন অনেকে।
এই তেল নিতে গিয়েই দিনাজপুরের কাহারোল উপজেলায় অঘটন ঘটে গেলো। পেট্রোল পাম্পে মোটরসাইকেলের তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় এনায়েতুল করিম (৪৮) নামে এক ব্যক্তি মারা গিয়েছেন ।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার আছমা লতিফা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
পরে তাঁকে উদ্ধার করে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত এনায়েতুল করিম একটি কীটনাশক কোম্পানিতে কর্মরত ছিলেন।
তেলের লম্বা লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। আর তিনি আগে থেকেই উচ্চ রক্তচাপে ভুগছিলেন। পাম্পে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে আনার পথেই তাঁর মৃত্যু হয়।
