ঢাকা: রবিবার টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে গোটা চলচ্চিত্র জগৎ।

স্তব্ধ হয়ে পড়ে সারা দেশের যত অনুরাগীরা আছেন তাঁরা। এত জলজ্যান্ত একজন মানুষ হঠাৎ নেই এমন খবর মানতেই পারছিলেন না কেউ।

কীভাবে কী ঘটল, তা বুঝে উঠতে পারছে না কেউ। রাহুলের মৃত্যু নিয়ে অনেক প্রশ্ন উঠতে থাকে।

রবিবার বিকেলে ঠিক কী ঘটেছিল, কীভাবে সবার চোখের সামনে রাহুল তলিয়ে গেলেন, সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন। ইতিমধ্যে ময়নাতদন্ত হয়েছে।

হাসপাতাল সূত্রে খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে বলা হচ্ছে, সম্ভবত ১ ঘণ্টারও বেশি সময় ধরে পানিতে ডুবেছিলেন রাহুল। তাঁর ফুসফুসে প্রচুর পরিমাণে বালি ঢুকে যায়।

বালি ঢুকে ফুসফুসের আকার ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। ফুসফুসের ভেতর প্রচুর পরিমাণে বালি আর নোনা পানি পাওয়া গিয়েছে।

রাহুলের খাদ্যনালির ভেতরেও পাওয়া যায় বালি-নোনা পানি।

এদিকে, পুলিশ সুপার জানিয়েছেন, ঘটনার সময়ের যে ভিডিয়ো ফুটেজ সামনে এসেছে, সেখানে দেখা যাচ্ছে, রাহুল জলে ভাসছেন।

পুলিশের দাবি, হাঁটুজলে একটি নাচের দৃশ্যে শুটিং চলছিল, সেখানেই একটি গর্তে পড়ে যান রাহুল বন্দ্যোপাধ্যায় এবং শ্বেতা মিশ্র।

শ্বেতাকে উদ্ধার করা হয়, রাহুলকে যখন তোলা হয়, ততক্ষণে অনেকটাই নোনা পানি খেয়ে ফেলেছেন অভিনেতা।

তবে পুলিশ বা প্রশাসনকে না জানিয়েই নাকি ওই শুটিং চলছিল বলে জানা যাচ্ছে।

প্রশ্ন উঠেছে, কেন নিরাপত্তার বন্দোবস্ত না করে শুটিং চলছিল। যদিও এই ঘটনায় রহস্যের প্রশ্ন থেকেই যাচ্ছে।

এছাড়াও জানা যাচ্ছে, রাহুলের শরীর থেকে ভিসেরা সংগ্রহ করা হয়েছে। ভিসেরা পাঠানো হয়েছে ফরেনসিক পরীক্ষার জন্য।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *