ঢাকা: মিথ্যা অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারকে কারাগারে নেয়া হয়। এক তো আছেই তাদের ধর্ম অবমাননা! আর কোনো ধর্মের এত অনুভূতি নেই, যতটা অনুভূতি তাদের।
ধর্ম অবমাননা ও কটূক্তির অভিযোগে দায়ের করা মামলায় কারাগারে থাকা বাউলশিল্পী আবুল সরকার জামিনে মুক্তি পেয়েছেন।
আজ, সোমবার, ১৩ এপ্রিল সকাল ১১টা ২০ মিনিটে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে তিনি মুক্তি পেয়েছেন।
আবুল সরকারের আইনজীবী গাজী কামরুল ইসলাম সজল জানান, বাউলশিল্পী আবুল সরকারের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত ৫ এপ্রিল তাঁকে ৬ মাসের অন্তবর্তীকালীন এই জামিন দেন।
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক গানের আসরে ‘ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তি’র অভিযোগে দায়েরকৃত এক মামলায় গত বছরের ২০ নভেম্বর বাউল শিল্পী আবুল সরকারকে আটক করা হয়।
এবং ওইদিনই তাকে আদালতে হাজির করা হয়। স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়ে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন মানিকগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক নজরুল ইসলাম।
জানা গেছে, কারাগার থেকে বের হয়ে এদিন প্রথমে রিকশায় করে মূল ফটকে আসেন বাউল আবুল সরকার। তারপর সাদা রঙের একটি হাইচ গাড়িতে করে স্থান ত্যাগ করেন।
শরীর অসুস্থ থাকায় কারো সাথেই কোনো কথা বলেননি তিনি।
