ঢাকা: চির বিদায় নিয়ে চলে গেলেন গানের পাখী বাউল সাধক সুনীল কর্মকার।
তাঁর মতো মেধাবী খুব কম জন্মায়। তিনি ছিলেন ক্ষণজন্মা।
একজন সুকণ্ঠী গায়কের পাশাপাশি যন্ত্রসংগীতেও অপ্রতিদ্বন্দ্বী ছিলেন তিনি।
তাঁর গাওয়া গানে জীবনদর্শন, মানবপ্রেম এবং স্রষ্টার প্রতি ভক্তির কথাই বেশি শোনা যেত। সংগীতই ছিল তাঁর একমাত্র ধ্যান ও জ্ঞান।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুনীল কর্মকার।
মৃত্যুকালে সংসারে রেখে গেছেন স্ত্রী, দুই ছেলে এবং অসংখ্য ভক্ত-গুণগ্রাহী।
একাধিক বাদ্যযন্ত্র যেমন বেহালা, দোতারা, তবলা, হারমোনিয়াম বাজাতেও অসামান্য দক্ষ ছিলেন গুণী এই শিল্পী। সুনীলবাবুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।
