ঢাকা: ভারতের বিরোধিতা করে পাকিস্তানপন্থীরা নিজেদের দেশপ্রেমিক প্রমাণ করছে। ভারত বিরোধিতার ঢেউ তোলা হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান নাজমুল ইসলাম সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে দেশের প্রাক্তন ওপেনারকে ‘ভারতের দালাল’ আখ্যা দিয়ে তীব্র বিতর্কের জন্ম দেন।
তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেটের কীভাবে ভালো হবে সেই কথাই বলেছিলেন মুস্তাফিজুর প্রসঙ্গে।
আর এতেই ক্ষিপ্ত নাজমুল।বলেন ‘এ বার আরও একজন পরীক্ষিত ভারতীয় দালালের আত্মপ্রকাশ বাংলার জনগণ দু’চোখ ভরে দেখলো।’
তবে নাজমুল দাবি করেন, সেটি ছিল তাঁর ব্যক্তিগত মতামত। তিনি বলেন, তামিমের প্রকাশ্য মন্তব্য তাঁর ভালো লাগেনি।
প্রাক্তন অধিনায়ক স্পষ্ট করে বলেছিলেন, বাংলাদেশ ICC থেকে বেশি অর্থ পায়, তাই সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত।
নাজমুল সম্প্রতি স্পোর্টস২৪-কে একটি সাক্ষাৎকারে বলেন, ‘এটি ছিল একটি ব্যক্তিগত পোস্ট। আমি মনে করি না এটি ভাইরাল হয়েছিল। আমার পোস্টের স্ক্রিনশট মানুষ ভাইরাল করেছে, আর আমি জানি না এতে তারা কী লাভ করেছে। আমি শুধু আমার ব্যক্তিগত মতামত প্রকাশ করেছি। আমার মনে হয়, এই পরিস্থিতিতে আমরা দেশের কথা না ভেবে অর্থের কথা ভাবছি। তামিমের বিরুদ্ধে আমার ব্যক্তিগত কোনও রাগ নেই। আমি অন্য কারও ক্ষেত্রেও একই কথা বলতাম। তামিমের মন্তব্য ভারতের প্রচারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল, আর সেটি আমার ভালো লাগেনি।’
একের পর এক মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়ে যাচ্ছেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম।
এবার ক্রিকেটারদের পারফরম্যান্স অনুযায়ী বেতন দেওয়া উচিত- এমন মন্তব্য করে আবারও দিয়েছেন সমালোচনার জন্ম।
বিসিবির এই পরিচালকের এমন মন্তব্যে তার পদত্যাগের দাবি তুলেছে ক্রিকেটার্স ওয়েলফায়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।
সেটি না হলে সব ধরনের ক্রিকেট বয়কটের ঘোষণা দিয়েছেন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, এমন মন্তব্যের কারণে শোকজ করা হয়েছে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে। ৪৮ ঘণ্টার মধ্যে চাওয়া হয়েছে লিখিত জবাব।
