কুমিল্লা: ধারাবাহিকভাবে দুর্ঘটনা ঘটছে এবং ঈদের দিনেও বেশ কয়েকটি বড় বড় দুর্ঘটনার খবর এসেছে।
ঈদের রাতে কুমিল্লায় লেভেল ক্রসিংয়ে উঠে পড়া এক বাসের সঙ্গে ট্রেনের তীব্র সংঘর্ষ ঘটে। এই ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরো চারজন।
তবে প্রাণহানির সংখ্যা আরো বাড়তে পারে।
বলা হচ্ছে, গেট ম্যানের অবহেলায় কুমিল্লা পদুয়ার বাজার রেল ক্রসিং সড়কে মেইল ট্রেন ও মামুন পরিবহনের বাস সংঘর্ষের এই ঘটনাটি ঘটে।
এমনও জানা গেছে, একদিকে হতাহত, আরেকদিকে হতাহতদের স্বর্ণালংকার ও অর্থ লুটে ব্যস্ত হয়ে পড়ে স্থানীয়রা! এই হয়েছে আমাদের দেশটা।
চট্টগ্রাম থেকে ঢাকাগামী ঢাকা মেইল লেভেল ক্রসিং পার হওয়ার সময় দুর্ঘটনা ঘটে। মামুন এন্টারপ্রাইজের বাসটি চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল।
সংঘর্ষের পর দুমড়ে মুচড়ে গেছে বাসটি। বাসটিকে ছেঁচড়ে প্রায় এক কিলোমিটার দূরে নিয়ে যায় ট্রেন।
পরিদর্শক সাইফুল বলেন, “রাত ৩টার কিছু আগে ট্রেনের সাথে বাসের দুর্ঘটনার সংবাদ পাই। সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে আমরা আমাদের মোবাইল টিমগুলোকে পাঠাই, আমরা নিজেরাও আসি। সেই সাথে ফায়ার সার্ভিস এবং স্থানীয় যে লোকজন আছে, রেলওয়ে পুলিশ তারাও আসে। এসে আমরা সর্বাত্মক চেষ্টা করি আহত যারা তাদেরকে হাসপাতালে পাঠানোর জন্য, সেই সাথে যারা নিহত হয়েছে তাদেরকেও উদ্ধার করার জন্য”।
তিনি বলেন, “তদন্ত চলছে। তবে ধারণা করা হচ্ছে যে বাসটা রেললাইনে উঠে যাওয়ার কারণেই হয়ত দুর্ঘটনাটা ঘটছে।”
