চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের হালিশহরে মারাত্মক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একটি বাড়িতে বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ হয়েছেন।
আজ সোমবার ভোরে হালিশহরের এইচ ব্লকের এসি মসজিদ–সংলগ্ন এলাকায় এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
দগ্ধ ব্যক্তিদের নাম জানতে পারা গিয়েছে। তাঁরা হলেন—শাখাওয়াত হোসেন (৪৬), মো. শিপন (৩০), মো. সুমন (৪০), মো. শাওন (১৭), মো. আনাস (৭), মো. আইমান (৯), আয়েশা আক্তার (৪), পাখি আক্তার (৩৫) ও রানী আক্তার (৪০)।
তাঁদেরকে ভর্তি করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে।
নয় জনের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনা সম্পর্কে জানা গিয়েছে, ভোর সাড়ে চারটার দিকে যখন সবাই ঘুমিয়ে তখন হালিমা মঞ্জিল নামে একটি ছয়তলা ভবনের তৃতীয় তলার একটি বাসায় বিস্ফোরণ হয়।
বিস্ফোরণের পর ওই ঘরে আগুন লাগতে সময় লাগে না। দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
জানা যাচ্ছে, ঐ বাড়ির লোকেরা এলপিজি সিলিন্ডার ব্যবহার করেন না। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির গ্যাসের সংযোগ রয়েছে। চুলা থেকে হয়তো গ্যাস লিক হয়েছিল, তাতে রান্নাঘরে গ্যাস জমে যায়। জমে থাকা গ্যাসের বিস্ফোরণ ঘটে।
