ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা ও মিছিল নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ইসি জানিয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৭৮ ধারার বিধান অনুযায়ী ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে এবং ভোটগ্রহণ শেষের ৪৮ ঘণ্টা পর পর্যন্ত কোনো নির্বাচনী এলাকায় জনসভা বা মিছিল করা যাবে না।
অর্থাৎ আগামি ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে ১৪ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সভা ও মিছিল নিষিদ্ধ থাকবে বলে জানানো হয়েছে।
নিষেধাজ্ঞাটি ঢাকা-৪ থেকে ঢাকা-১২, ঢাকা-১৪ এবং ঢাকা-১৬ থেকে ঢাকা-১৮ আসনে কার্যকর থাকবে।
ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এদিকে, নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে মোবাইল ফোন ব্যবহারের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
এদিন, সোমবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব আখতার আহমেদ আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কেন্দ্রের ভেতরে ও চারপাশে মোবাইল ফোন ব্যবহারের ওপর দেওয়া আগের সিদ্ধান্ত থেকে কমিশন সরে এসেছে এবং এই বিষয়ে দ্রুততম সময়ের মধ্যে একটি নতুন প্রজ্ঞাপন জারি করা হবে।
