ঢাকা: মারা গিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেন।
শনিবার সকাল দশটায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।
শেখ কবির হোসেনের দেশের শিক্ষা, স্বাস্থ্য, বীমা ও ব্যবসায়িক ক্ষেত্রে অসামান্য অবদান রয়েছে ।
তিনি প্রতিষ্ঠা করেছিলেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল এবং খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ, যা দেশের শিক্ষাক্ষেত্রে অমোঘ অবদান রেখেছে।
মারা যাবার পর রবিবার বেলা সাড়ে ১১টায় অ্যাম্বুলেন্সে তাঁর মরদেহ ঢাকা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়।
বাদ জোহর নিজের প্রতিষ্ঠিত টুঙ্গিপাড়া খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ মাঠে শেখ কবির হোসেনকে ‘গার্ড অব অর্নার’ দেওয়া হয়। তারপর অনুষ্ঠিত হয় জানাযার নামাজ।
