ঢাকা: হিন্দুরা এদেশে দাবার ঘুঁটি। যে যেমন পারছে তেমন ব্যবহার করছে। খাওয়া হয়ে গেলে উচ্ছিষ্টের মতো ফেলে চলে যাচ্ছে।
ভোটের আগে হিন্দু ধর্মাবলম্বীদের পায়ে ধরছে যেমন জামায়াত, তেমন বিএনপি। অথচ প্রতিদিন হিন্দু মরে, বলার কেউ নেই। ভোট চাই কেবল।
হিন্দুরা এই দেশে কোনোদিন নিশ্চিন্তে বসবাস করতে পারবে মনে করেছেন? কোনোদিন না।
নির্বাচনের আগে হিন্দুদের নিয়ে মির্জা ফখরুল কী বললেন শুনবো:
হিন্দু সম্প্রদায়ের ভোটারদের অভয় দিয়ে বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপনারা ভয় পাবেন না। নির্ভয়ে ভোট দিতে যাবেন, নির্ভয়ে ফিরে আসবেন। আমি মির্জা ফখরুল আপনাদের সঙ্গে আছি। আপনাদের নিরাপত্তার জন্য যদি প্রথম কাউকে শহীদ হতে হয়, তবে আমিই হব; আমার দলের লোকেরাও হবে।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নে এক নির্বাচনী পথসভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আজ আমাদের আনন্দ যে হিন্দু-মুসলিম সবাই একসঙ্গে একই চিন্তা করছি—এই দেশে যারা ধর্মকে ভিত্তি করে রাজনীতি করে, তাদের আমরা প্রশ্রয় দিতে চাই না। এটা খুব পরিষ্কার কথা।
তিনি আরও বলেন, হিন্দু-মুসলিম ঐক্যের প্রতীক হিসেবে নেতাকর্মীদের দেওয়া স্লোগানটি তার খুব পছন্দ হয়েছে—‘হিন্দু-মুসলিম বেঁধেছে জোট, ধানের শীষে দেবে ভোট।’
বলেন, আমরা কখনো বলিনি ধানের শীষে ভোট দিলে স্বর্গ বা বেহেশতে যাওয়া যাবে। আমরা বলেছি—যেখানে দেশের কাজ হবে, মানুষের কল্যাণ হবে, সেখানেই ভোট দিন।
তিনি অভিযোগ করে বলেন, একটি দল ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে। “ওরা বলছে দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে।’ ইসলাম ধর্মে এমন কথা কোথাও নেই। আমল যে করবে, আল্লাহর নির্দেশ মানবে—সেই বেহেশতে যাবে। এ ধরনের কথা সম্পূর্ণ বিভ্রান্তিকর।
