বগুড়া: বর্তমান দেশের আতঙ্কময় পরিস্থিতিতে, হুমকি ধামকির শিকার হয়ে আগামি ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে লাঙ্গল প্রতীকের সংসদ সদস্য প্রার্থী শরিফুল ইসলাম জিন্নাহ।

সাবেক এই সংসদ সদস্য অভিযোগ করেছেন, বর্তমান পরিস্থিতিতে তাঁর নির্বাচনী এলাকায় সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নেই। পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক।

বৃহস্পতিবার শিবগঞ্জবাসীর উদ্দেশে দেয়া এক খোলা চিঠিতে তিনি এই ঘোষণা দেন।

চিঠিতে তিনি অভিযোগ করেন, এলাকায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের পরিবেশ নেই। তাঁর ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, ভয়ভীতি ও হুমকির কারণে সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে বলে দাবি করেন তিনি।

শরিফুল ইসলাম জিন্নাহ বলেন, ন্যায় ও ন্যায্যতার পক্ষে অবস্থান নিয়েই তিনি নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।

চিঠিতে তিনি উল্লেখ করেছেন, রাজনীতি হবে উন্নয়নের প্রতিযোগিতা, প্রতিহিংসার নয়। কিন্তু বর্তমান বাস্তবতায় নির্বাচন মানে জনগণের অধিকার নিশ্চিত করা নয়, বরং ভয় ও জবরদস্তির বৈধতা দেওয়া।

শিবগঞ্জের মানুষের সম্মান, নিরাপত্তা ও ন্যায়ের প্রশ্নে আপস করতে না পারায় তিনি জাতীয় সংসদ নির্বাচন বর্জনের কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *