নারায়ণগঞ্জ: কারখানা, ব্যবসা প্রতিষ্ঠানে অহরহ আগুন লাগছে। আগুন পুড়িয়ে ছাই করছে সারা দেশ।
এবার নারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি প্লাস্টিকের দ্রব্য প্রস্তুতকারী কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের টানা চার ঘণ্টার চেষ্টায় আগুন অবশেষে নিয়ন্ত্রণে এসেছে।
অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত পৌনে ২টার দিকে গোগনগর ইউনিয়নের মসিনাবন্দ বাড়িরটেক এলাকায় ‘প্লাস্টিক সাইন প্রাইভেট লিমিটেড’ কারখানায়।
জানা গেছে, মঙ্গলবার রাত পৌনে ২টার দিকে গোগনগর এলাকার প্লাস্টিক সাইন বিডি নামে প্লাস্টিকের দানা উৎপাদনকারী কারখানায় আগুনের সূত্রপাত হয়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের মণ্ডলপাড়া স্টেশনের তিনটি, হাজীগঞ্জের দুটি এবং ফতুল্লার দুটিসহ মোট ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর নেই। আগুন কীভাবে লেগেছে নিশ্চিতভাবে এখনো জানা যায়নি।
