ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পিচ রাইটার হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার সন্তান এসএএম মাহফুজুর রহমান।
সোমবার তথা ২ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে তাঁর নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে।
উক্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে তাকে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার (গ্রেড-১) পদে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) এ নিয়োগ কার্যকর থাকবে। অন্যান্য শর্ত পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
শুভাকাঙ্খীরা এসএএম মাহফুজুর রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন।
মাহফুজুর রহমানের জন্ম ১৯৬৫ সালের ১ মার্চ মিরসরাই উপজেলার মান্দারবাড়ীয়া গ্রামে।
২০১৭ সালের ১ মার্চ তিনি ইউএনবির সম্পাদক হিসেবে দায়িত্ব নেন। এছাড়াও তিনি সময় টেলিভিশন-এর ওয়েব বিভাগের সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
সর্বশেষ ইউএনবির সম্পাদক হিসেবে দায়িত্ব পালনরত অবস্থাতেই প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হিসেবে নিয়োগ পেয়েছেন।
