ঢাকা: আগামিকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। প্রহসনের ভোট আর মুক্তিযুদ্ধবিরোধী গণভোট বর্জন করেছে আওয়ামী লীগসহ দেশভক্ত যারা আছেন তাঁরা।
দেশ ত্রস্ত। একটাই আশঙ্কা কী হয় কী হয়! অন্তর্বর্তী সরকার তো নয়ই অথর্ব ইসির ওপরও জনগণের কোনো আস্থা নেই।
এই ভোট উপলক্ষে যানবাহন চলাচলের ওপর বিধি-নিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। বাকি যানবাহন নিয়ে ইসির নির্দেশনা কার্যকর হবে আজ বুধবার মধ্যরাত থেকে।
ইসির নির্দেশনা অনুযায়ী, মঙ্গলবার রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত সারা দেশে মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকছে। এবং ১১ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত অন্যান্য পরিবহন চলাচল বন্ধ থাকবে।
ইসির পরিপত্রে বলা হয়, ১১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষকদের যানবাহন এই আওতায় থাকবে না।
জরুরি সেবা চালু থাকবে।
এছাড়া নির্বাচন কমিশনের নির্দেশনায় আরও বলা হয়েছে, স্থানীয় প্রয়োজন বিশেষে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট বা ক্ষেত্রবিশেষে মেট্রোপলিটন পুলিশ কমিশনার বা অন্যান্য কর্তৃপক্ষ চাইলে আরও যানবাহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ বা শিথিল করার ক্ষমতা রাখবেন।
