ঢাকা: অমর একুশে বইমেলা এলেই আনন্দের সাথে একটা আতঙ্ক গ্রাস করে। বইমেলায় তো কম হামলা হয়নি, কম মব হয়নি! কম মৌলবাদীর তাণ্ডব হয়নি!
তবে এবার মবের কোনো আশঙ্কা নেই বলে আশ্বাস দিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার।
মব মোকাবিলায় পুলিশ প্রশাসন প্রস্তুত থাকবে বলে জানান তিনি।
আজ, বুধবার (২৫ ফেব্রুয়ারি) সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলায় নিরাপত্তা উপলক্ষে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
ধর্ম অবমাননা অথবা উসকানিমূলক বই মেলায় এলে পুলিশের করণীয় কী থাকবে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, পুলিশের গোয়েন্দা সংস্থা নজরদারি করবে যাতে এমন বই মেলায় না আসে।
নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে মেলা উপলক্ষে।
অতিরিক্ত পুলিশ কমিশনার সরওয়ার বলেন, অমর একুশে বইমেলা উপলক্ষে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানসহ আশপাশ এলাকায় নিশ্ছিদ্র ও কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বইমেলা প্রাঙ্গণ এবং এর চারপাশে প্রায় ৩০০টি ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করা হবে।
এছাড়াও মেলায় প্রবেশের গেটে মেটাল ডিটেক্টর এবং আর্চওয়ের মাধ্যমে তল্লাশি চালানো হবে।
প্রসঙ্গত, আগামিকাল ২৬ ফেব্রুয়ারি একযোগে অনুষ্ঠিত হবে অমর একুশে বইমেলার উদ্বোধন ও একুশে পদক প্রদান অনুষ্ঠান।
প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে একুশে পদক প্রদান করবেন এবং বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার উদ্বোধন ঘোষণা করবেন।
