ঢাকা: শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় এই প্রহসনের ভোট বর্জন করার আহ্বান জানিয়েছেন।

কলকাতায় দীপ হালদার, জয়দীপ মজুমদার ও শাহিদুল হাসান খোকনের লেখা ‘ইনশাআল্লাহ বাংলাদেশ’ বইয়ের আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন সজীব ওয়াজেদ জয়।

সেই অনুষ্ঠানে বাংলাদেশের মানুষের জন্য ভোট বয়কটের ডাক দিয়েছেন আবারো সজীব ওয়াজেদ জয়।

সজীব ওয়াজেদ জয় বলেন, “আপনারা জানেন এখন একটা সাজানো নির্বাচন হতে চলেছে। নির্বাচন নয়, সিলেকশন হচ্ছে। মৌলবাদী নয় এমন দলগুলোকে নির্বাসন করা হয়েছে। জাতীয় পার্টিকে নির্যাতন করা হচ্ছে, তাদের পক্ষে নির্বাচন করা সম্ভব নয়। জামাতের ভোটও তাদের চেয়ে কম। পোস্টাল ব্যালট দিয়ে ভোটসংখ্যা বাড়িয়ে নির্বাচন করা হবে।

কারও পক্ষে বোঝা সম্ভব নয় এই পোস্টাল ব্যালটগুলোতে কোথায় বসে ভোট দেওয়া হয়েছে। অনেকে ভাবছেন এই নির্বাচনে ভোট দিলে বেঁচে যাবেন। ১৫০-র বেশি ভোট পাবে না বিএনপি। জামাত ১২০ সিট পাবে। এই রেজাল্ট নিশ্চিত করা হয়েছে। আপনি ভোট দিন কি না দিন। একক ক্ষমতায় আসবে না বিএনপি। যাতে জামাতের প্রভাব থাকে।”

হাসিনা-পুত্র বাংলাদেশবাসীদের উদ্দেশ্যে বলেন, “আমার অনুরোধ, আপনারা কেউ ভোট দিতে যাবেন না। বাংলাদেশকে সুরক্ষিত করুন। শুধুমাত্র আওয়ামী লিগের সমর্থক নয়, সবার জন্যই এই বার্তা। সংবিধান রক্ষা করতে চাইলে এটা করুন। নির্বাচন তাহলে গ্রহণযোগ্য হবে না, যদি আপনি ভোট দিতে না যান।”

সজীব ওয়াজেদ জয়ের স্পষ্ট আহ্বান, বাংলাদেশকে যদি বাঁচাতে হয় এবং দেশের মানুষকে যদি নিরাপদে বেঁচে থাকতে হয়, তাহলে আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করা উচিত নয়।

তিনি আরও বলেন, “আপনারা কেউ ভোট দিতে যাবেন না। ভোট না দিলে এই নির্বাচন সফল হবে না। জামাত থেকে বাঁচতে চাইলে এটাই লাস্ট চান্স।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *