ঢাকা: দেশজুড়ে হঠাৎ করে অকটেন ও পেট্রোল সংকট দেখা দিয়েছে। জনগণের দিশাহারা অবস্থা।
রাজধানীসহ বিভিন্ন অঞ্চলের একাধিক ফিলিং স্টেশনে এই জ্বালানি না থাকায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে মোটরসাইকেল চালকরা।
দেখা গেছে, অনেক পাম্পে অকটেন ও পেট্রোল সরবরাহ বন্ধ বা সীমিত করা হয়েছে। অধিকাংশই বন্ধ।
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় তীব্র হাহাকার। এভাবেই দেশজুড়ে শুরু হয়েছে।
বিশেষ করে যারা ব্যক্তিগত কাজে মোটরবাইক ব্যবহার করেন এবং যাত্রী পরিবহন করেন, তাদের দুর্ভোগ বেড়েছে কয়েকগুণ।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ধর্মপাশা ও মধ্যনগর উপজেলায় কোনো ফিলিং স্টেশন না থাকায় গ্রামের হাট-বাজারগুলোতেই বোতলে ভরে খুচরা পেট্রোল ও অকটেন বিক্রি হয়ে আসছিল।
তবে হঠাৎ করে সকাল থেকে অধিকাংশ বাজারে পেট্রোল ও অকটেনের সরবরাহ বন্ধ হয়ে যায়।
গাছতলা, বাদশাগঞ্জ ও ক্বারী বাজারের একাধিক খুচরা বিক্রেতা জানান, “আজ সকাল থেকে একেবারেই পেট্রোল বা অকটেন নেই। সরবরাহ না থাকায় আমরা বিক্রি করতে পারছি না।”
এমন অবস্থায় অনেক মোটরবাইক চালক বাধ্য হয়ে দূরবর্তী এলাকা যেমন মোহনগঞ্জ, নেত্রকোনা ও কলমাকান্দায় গিয়ে পেট্রোল সংগ্রহ করছেন। এতে সময়, খরচ দুটোই বাড়ছে।
স্থানীয় মোটরবাইক চালকরা জানান, দ্রুত এই সমস্যার সমাধান না হলে তাদের জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
কোথাও কোথাও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে গ্রাহকদের।
দেশে ব্যবহৃত অকটেনের একটি বড় অংশ আমদানিনির্ভর হওয়ায় নতুন চালান না আসায় সংকট আরও তীব্র হয়েছে।
তবে সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে, দেশে জ্বালানির কোনো প্রকৃত ঘাটতি নেই। ঘাটতি নেই তো অভাব কেন?
