ঢাকা: বিদেশে একযুগের বেশি কাটানোর পর এবার দেশে ঈদ পালন করবেন প্রয়াত খালেদা পুত্র তথা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঈদের দিন কূটনীতিক ও শিক্ষাবিদসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তারেক রহমান।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সকাল ১০টায় এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। এরপর সকাল ১০টায় যমুনাতে আসবেন। সেখানে কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।’

‘পরে মন্ত্রীপরিষদ সদস্যবৃন্দ, সংসদ সদস্য, বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, আলেম-ওলামা-মশায়েখ, শিল্পী-সাহিত্যিক, উচ্চপদস্থ সরকারি ও বেসরকারি কর্মকর্তাসহ সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।’

ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শেষ করে প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন।

এদিকে, কোনো কারণে প্রধানমন্ত্রী তারেক রহমান অনুপস্থিত থাকলে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ, ১৮ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি নিজে এই তথ্য জানিয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *