ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ভোটগ্রহণ চলাকালে দায়িত্ব পালন করা অবস্থাতেই মারা গেলেন একজন পোলিং অফিসার।
মো. মুজাহিদুল ইসলাম নামে এক পোলিং অফিসারের মৃত্যুর ঘটনা ঘটেছে।
আজ, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সিরাজুল ইসলাম অডিটোরিয়াম কেন্দ্রে ৫১ নম্বর ভোটকক্ষে দায়িত্ব পালনকালে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
মুজাহিদুল ইসলাম সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়ন ইসলামী ফাউন্ডেশনের একজন শিক্ষক ছিলেন।
কেন্দ্রের সংশ্লিষ্টরা জানান, ৫১ নম্বর ভোটকক্ষে পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন মুজাহিদুল।
হঠাৎ করেই তিনি অসুস্থ অনুভব করতে থাকেন। এমন অবস্থায় সহকর্মীরা দ্রুত তাঁকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
তার আকস্মিক মৃত্যুতে সহকর্মী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন বলেন, চিকিৎসক ধারণা করছেন, তিনি হয়ত মস্তিষ্কের রক্তক্ষরণে আক্রান্ত হয়ে মারা গেছেন।
