ঢাকা: পরিচ্ছন্নতাকর্মীদের ঈদের উপহার দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
সারাদেশের ১২টি সিটি করপোরশনের প্রত্যেক পরিচ্ছন্নতাকর্মীর জন্য পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ, রবিবার (১৫ মার্চ) বিকেল সাড়ে তিনটায় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর নিজ কক্ষে চট্টগ্রাম সিটি করপোরশনের মেয়র ও অন্যান্য সিটি কর্পোরেশনের প্রশাসকদের হাতে তিনি চেক তুলে দেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ঈদুল ফিতর উপলক্ষে পরিচ্ছন্নতাকর্মীদের প্রতি সম্মান ও সহমর্মিতা জানিয়ে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
তিনি আরও বলেন, দেশের শহরগুলোকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে পরিচ্ছন্নতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাঁদের এই নিরলস পরিশ্রমের স্বীকৃতি হিসেবেই প্রধানমন্ত্রী এই উদ্যোগ গ্রহণ করেছেন।
