ঢাকা: দেশের নতুন প্রধানমন্ত্রীর তারেক রহমান সরকারি গাড়ি ব্যবহার করবেন না। ব্যবহার করবেন তাঁর ব্যক্তিগত গাড়ি।

মঙ্গলবার বিকালে কেবল শপথ গ্রহণের পর কিছু সময়ের জন্য তিনি বাংলাদেশের পতাকা লাগানো সরকারি গাড়ি ব্যবহার করেছিলেন। ‌

বুধবার সকালে তিনি ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়েছেন তাঁর ব্যক্তিগত টয়োটায় চেপে। এখান থেকে ঢাকায় সচিবালয়ে তিনি মন্ত্রিসভার বৈঠক করেন।

সরকারের সচিবালয়ের একজন পদস্থ কর্তা জানিয়েছেন নতুন প্রধানমন্ত্রী বলেছেন তিনি ব্যক্তিগত গাড়িতেই চলাফেরা করবেন এবং গাড়ির জ্বালানি খরচও তারেক নিজেই বহন করবেন। এর জন্য রাষ্ট্রের কাছ থেকে তিনি কোন খরচ নেবেন না।

তারেক রহমানের তরফে আরো কয়েকটি নির্দেশিকা দেওয়া হয়েছে সর্ব প্রশাসনকে।

বলা হয়েছে প্রধানমন্ত্রীর গাড়ি বহর বা কনভয়ের গাড়ির সংখ্যা ১৪ থেকে কমিয়ে চার করে দিতে হবে। বুধবার সেই নির্দেশ কার্যকর হয়েছে। ‌

বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী বলেন, ‘ দিনের কর্মসূচিতে প্রধানমন্ত্রী সাভার ও শেরে বাংলা নগর গিয়েছিলেন নিজের টয়োটা গাড়িতে চড়ে, সেখান থেকে সচিবালয়ে তিনি এসেছেন সেই গাড়িতেই।’

শিবলী বলেন, ‘যানজটের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রীর নির্দেশে তার গাড়িবহরের সংখ্যা কমিয়ে ফেলা হয়েছে। এতদিন গাড়িবহরে ১৩-১৪টি গাড়ি থাকতো। আজ সেটা কমিয়ে চারটি করা হয়েছে।’

শিবলী বলেন, ‘প্রধানমন্ত্রী এখন থেকে মন্ত্রিসভার বৈঠক সচিবালয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক হলে সব মন্ত্রীদের সচিবালয় থেকে আসতে একটা জট সৃষ্টি হয়, ভিআইপি চলাচলের সময় সাধারণ মানুষ ভোগান্তির মুখে পড়ে। সেসব কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী বেশিরভাগ সময় সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *