ঢাকা: ফ্যামিলি কার্ড দেয়া হবে সরকারের পক্ষ থেকে। দেশের ১৪টি উপজেলায় আগামি ১০ মার্চ প্রাথমিকভাবে ‘ফ্যামিলি কার্ড’ প্রদান করা হবে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বলা হয়, নারীদের স্বাবলম্বী করতে প্রতি কার্ডে দেয়া হবে আড়াই হাজার টাকা।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ মঙ্গলবার, সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত হয় বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ চালু করার লক্ষ্যে গঠিত কমিটির সভা। সেখানেই গৃহীত হয় এই সিদ্ধান্ত।
দেশের প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারগুলো সহায়তা পাবে।
সভায় উপস্থিত ছিলেন— অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, সমাজকল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সমাজকল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন ও রেহান আসিফ আসাদ, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রমুখ।
উল্লেখযোগ্য যে, ফ্যামিলি কার্ডের আবেদন প্রক্রিয়া এখনো পুরোপুরিভাবে শুরু না হলেও প্রাথমিক প্রস্তুতি হিসেবে আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র; পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং একটি সচল থাকা মোবাইল নম্বর সংগ্রহে রাখতে বলা হয়েছে।
জানা গেছে, পাইলট প্রকল্প শেষে ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা কাউন্সিলর কার্যালয় থেকে সরাসরি আবেদন ফরম সংগ্রহ করা যাবে।
এ ছাড়াও দ্রুত আবেদন করা যাবে অনলাইন পোর্টালের মাধ্যমে।
পরিবারে শুধু একটি কার্ড ইস্যু করা হবে, যার মাধ্যমে মাসিক নগদ টাকা বা নিত্যপ্রয়োজনীয় পণ্য পাওয়া যাবে।
