রংপুর: রংপুরে তেলের জন্য লাইনে দাঁড়িয়ে হার্ট অ্যাটাক করে মারা গেলেন এক শিক্ষক। আহ! নিয়তির কি নির্মম পরিহাস। মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে শুধুমাত্র একটু তেল পাবার আশায়।
কেউ সামান্য তেল পায়, আবার কেউ ফিরে খালি হাতে। কিন্তু এই ব্যক্তি ফিরতে পারলেন না। লাইনে দাঁড়িয়ে থেকেই থেমে গেল তাঁর জীবন।
এমন ঘটনা আগেও ঘটেছে। হিট স্ট্রোকে মারা গিয়েছেন একজন। বেঁচে থাকার জন্য প্রতিদিন মানুষের সংঘর্ষ চলছে দেশটায়।
ঘটনাটি রংপুরের। একটি পাম্পে মোটরসাইকেলের জন্য তেল নিতে গিয়ে হার্ট অ্যাটাকে মেহেদী হাসান (৩২) নামে শিক্ষকের মৃত্যু হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে নগরীর টার্মিনাল এলাকার সুরমা ফিলিং স্টেশনে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
তিনি লাহিড়ীর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এছাড়া তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ষষ্ঠ ব্যাচের সাবেক শিক্ষার্থী ছিলেন।
জানা গেছে, নগরীর টার্মিনাল এলাকার সুরমা ফিলিং স্টেশনে তেল নিতে লাইনে দাঁড়িয়েছিলেন মেহেদী হাসান। লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তাঁর হার্ট অ্যাটাক করে।
পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, তেল নিতে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় একজন মারা গেছে এমন তথ্য পেয়েছি। ঘটনাটির ডিটেইল সংগ্রহ করা হচ্ছে।
