ঢাকা: প্রহসনের জালে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জমি কেলেঙ্কারির মামলায় ফের একবার হাজতবাসের নির্দেশ আদালতের।
পূর্বাচল নিউ টাউন প্রজেক্টে তথ্য গোপন করে নাকি নিজের পরিবারকে জমি পাইয়ে দিয়েছেন শেখ হাসিনা। সেই অভিযোগে ছয়টি মামলা হয়। এর মধ্যে দুটি মামলায় রায় দিয়েছে আদালত।
জানা গিয়েছে, পূর্বাচল নিউ টাউন প্রোজেক্টে সরকারি জমি বণ্টন সংক্রান্ত দুই মামলায় হাসিনা, তাঁর বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকি, আজমা সিদ্দিকি এবং বোনপো রাদওয়ান মুজিব ববিকে কারাদন্ড এবং জরিমানা করা হয়েছে।
আজ, সোমবার দুটি মামলায় এই রায় দিয়েছে ঢাকার বিশেষ বিচারক আদালত – ৪।
টিউলিপ সিদ্দিককে প্রতিটি মামলায় দু’বছর করে মোট চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সরকারি জমি বরাদ্দে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির দায়ে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মোট ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়।
অন্যদিকে, রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিক দু’জনকেই দুই মামলায় মিলিয়ে সাত বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত।
রাজউক (রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ) এর সদস্য মহম্মদ খুরশিদ আলম, যিনি একমাত্র অভিযুক্ত হিসেবে আদালতে আত্মসমর্পণ করেছিলেন, তাঁকে প্রতিটি মামলায় এক বছর করে মোট দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আদালত সবাইকে এক লক্ষ টাকা করে জরিমানার নির্দেশ দিয়েছে।
অন্যান্য মামলাগুলির মত এই মামলাতেও শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যরা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাননি।
শেখ হাসিনা দাবি করেছেন, এগুলি সব ভুয়া মামলা। তাঁর আরও দাবি, ঢাকায় তাঁর এবং বোন রেহানার কোনও বাড়িঘর নেই।
হাসিনার আরও দাবি, তিনি ও তাঁর পরিবারের সদস্যরা দেশে না থাকার সুযোগ নিয়ে একের পর এক মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে।
