রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই উপজেলায় বন্যহাতির আক্রমণে মংখ্যাইচিং মারমা ওরফে মাস্টার (৫০) নামে এক ব্যক্তি মর্মান্তিকভাবে নিহত হয়েছেন।
ঘটনাটি ঘটে রবিবার ১২ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চিৎমরম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চাকুয়া পাড়া এলাকায়।
হাতির আক্রমণে নিহত মংখ্যাইচিং মারমা চিৎমরম বড় পাড়া এলাকার বাসিন্দা।
জানা যায়, হঠাৎ করেই ঘটনাটা ঘটে যায়। বন্যহাতির কবলে পড়েন মংখ্যাইচিং মারমা। হাতির আক্রমণে ঘটনাস্থলেই তিনি মারা যান। এই খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ছুটে যান।
কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন বলেন, বন্যহাতির আক্রমণে একজনের মৃত্যুর খবর পেয়েছি। এটি অত্যন্ত দুঃখজনক। সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবার যথাযথ আবেদন করলে নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ পাবে।
তাছাড়া তিনি সতর্ক করে বলেন, বন্যহাতির ওপর কেউ যেন কোনোভাবেই ক্ষিপ্ত হয়ে আক্রমণ না করে। হাতি দেখলে আতঙ্কিত না হয়ে দ্রুত বন বিভাগকে খবর দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করছি।
