ঢাকা: আজ দোল পূর্ণিমা। এই পূর্ণিমায় মঙ্গলবার আকাশে দেখা যাবে এক মহাজাগতিক দৃশ্য, যা বিরলও বটে।
আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সাক্ষী থাকবে পৃথিবী।
আর মার্চের চাঁদকে ‘কেঁচো চাঁদ’ বলা হয়। মার্চের প্রথম পূর্ণিমার চাঁদকে বলে ‘কেঁচো চাঁদ’ (ইংরেজিতে বলে ওয়র্ম মুন)।
কারণ কানাডা, উত্তর আমেরিকায় মার্চ থেকে বরফ গলতে শুরু করে। মাটি খুঁড়ে গর্ত থেকে বেরিয়ে আসে কেঁচো। পাখিরা সেগুলি ছোঁ মেরে তুলে নিয়ে খায়।
মূলত মার্চে পাখিদের প্রজননের সময় শুরু হয়। তার আগে কেঁচো খেয়ে পেট ভরায় ওরা। সে কারণে মার্চের প্রথম পূর্ণিমার চাঁদকে কেঁচো চাঁদ বলে।
এই গ্রহণটি ২০২৬ সালের একমাত্র পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। গ্রহণের সময় চাঁদ লালচে আভা ধারণ করবে।
আর এই ধরনের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আবার দেখতে অপেক্ষা করতে হবে ২০২৮ সালের শেষ ভাগ পর্যন্ত।
গত রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার (৩ মার্চ) দুপুর ২টা ৪২ মিনিট ৩৬ সেকেন্ডে চাঁদ উপচ্ছায়ায় প্রবেশের মাধ্যমে গ্রহণ প্রক্রিয়া শুরু হবে।
পূর্ণগ্রাস গ্রহণ শুরু হবে বিকেল ৫টা ৩ মিনিট ৫৪ সেকেন্ডে এবং কেন্দ্রীয় গ্রহণ হবে ৫টা ৩৩ মিনিট ৪২ সেকেন্ডে। গ্রহণের সর্বোচ্চ মাত্রা হবে ১.১১৫।
বাংলাদেশে চন্দ্রোদয়ের পর থেকে রাত ৮টা ২৪ মিনিট ৪২ সেকেন্ড পর্যন্ত বিভিন্ন সময়ে গ্রহণের শেষ অংশ দেখা যাবে।
বিভাগীয় শহরগুলোতে গ্রহণ শুরুর সময়গুলো দেখে নিন:
ঢাকা : সন্ধ্যা ৬টা ০১ মিনিট ১২ সেকেন্ড।
চট্টগ্রাম : বিকেল ৫টা ৫৬ মিনিট ২৪ সেকেন্ড।
সিলেট : বিকেল ৫টা ৫৪ মিনিট ৩০ সেকেন্ড।
রাজশাহী : সন্ধ্যা ৬টা ০৭ মিনিট ৩৬ সেকেন্ড।
খুলনা : সন্ধ্যা ৬টা ০৫ মিনিট ১২ সেকেন্ড।
বরিশাল : সন্ধ্যা ৬টা ০১ মিনিট ৫৪ সেকেন্ড।
ময়মনসিংহ : সন্ধ্যা ৬টা ০০ মিনিট ২৪ সেকেন্ড।
রংপুর : সন্ধ্যা ৬টা ০৪ মিনিট ৩৬ সেকেন্ড।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রাত ৮টা ২৪ মিনিট ৪২ সেকেন্ডে উপচ্ছায়া থেকে চাঁদের নির্গমনের মাধ্যমে গ্রহণটি পুরোপুরি শেষ হবে।
