কুমিল্লা: কুমিল্লার সদর দক্ষিণে ট্রেন ও যাত্রীবাহী বাসের মারাত্মক সংঘর্ষের ঘটনা ঘটেছে। নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।

রবিবার (২২ মার্চ) সকাল সাড়ে ৯টায় কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান গণমাধ্যমে এই তথ্য জানান।

তিনি বলেন, দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে প্রাথমিকভাবে দাফন-কাফনের জন্য এই অর্থ দেওয়া হবে।

জেলা প্রশাসক আরও জানান, নিহতদের স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। মরদেহ হস্তান্তরের সময় প্রত্যেক পরিবারের হাতে নগদ ২৫ হাজার টাকা তুলে দেওয়া হবে।

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীগামী মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেনের সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মারা যান সাতজন পুরুষ, দুই নারী ও তিন শিশু। ঈদের মধ্যে এই ঘটনায় শোকের ছায়া পড়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *