সিলেট: নতুন বছর মাত্র পা রাখলো, এর মধ্যেই একের পর এক সড়ক দুর্ঘটনা ঘটেই চলেছে।
সিলেটের ওসমানীনগরে তিনটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ১০ জন।
দুর্ঘটনাটি ঘটে শনিবার, ১৭ জানুয়ারি সকালে। ঢাকা–সিলেট মহাসড়কের ওসমানীনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহন ও ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে গাইবান্ধা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাসের একেবারে মুখোমুখি সংঘর্ষ হয়। মারাত্মক সংঘর্ষে ঘটনাস্থলেই দুই জন প্রাণ হারান।
আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
