ঢাকা: আগামী ১২ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন। ওই দিন একই সঙ্গে হবে জুলাই সনদ নিয়ে গণভোটও। প্রহসনের নির্বাচন বয়কট করার ডাক দিয়েছে আওয়ামী লীগ।

নির্বাচন ঘোষণার পর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে দেশ। অশান্তির ঘটনা প্রতিদিন ঘটছে। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, বিক্ষোভ-আন্দোলন ততই বাড়ছে। সেই সব বিক্ষোভ মাঝেমধ্যেই সহিংসতার চেহারা নিচ্ছে।

বাংলাদেশে থাকা সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ প্রকাশ্যে আসছে।

এই আবহে নাগরিকদের নিরাপত্তা ঝুঁকি দেখা দিয়েছে।

এমন পরিবেশে অপরিহার্য বা জরুরি প্রয়োজন ছাড়া নাগরিকদের বাংলাদেশ ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে যুক্তরাজ্য সরকার।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশে ভ্রমণ সতর্কতা হালনাগাদ করে এই নির্দেশনা দেয় যুক্তরাজ্যের ব্রিটিশ ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)।

সতর্কবার্তায় বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে।

নির্বাচনের সময় রাজনৈতিক সহিংসতা ও উগ্রবাদী গোষ্ঠীর হামলার ঝুঁকি রয়েছে। বিশেষ করে রাজনৈতিক সমাবেশ এবং ভোটকেন্দ্র লক্ষ্য করে হামলা হতে পারে।

আরো উল্লেখ করা হয়েছে, কোনো আগাম পূর্বাভাস ছাড়াই বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে পারে। তাই ভ্রমণের ক্ষেত্রে আশেপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকতে হবে।

পুলিশ বা নিরাপত্তা বাহিনীর উপস্থিতিসহ বড় ধরনের রাজনৈতিক সমাবেশ ও জনসমাগমস্থল এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *