ঢাকা: পুলিশ প্রধান (আইজিপি) বাহারুল আলম কূটনৈতিক মর্যাদার লাল পাসপোর্ট বদল করে সাধারণ পাসপোর্ট নিতে চান।

সম্প্রতি তিনি সরকারি পাসপোর্ট সমর্পণের ইচ্ছা প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন।

এই খবরে স্বাভাবিকভাবেই তোলপাড় শুরু হয়েছে। চুক্তির মেয়াদ ৮ মাস বাকি থাকা অবস্থায় কেন তিনি এই সাধারণ পাসপোর্ট নিতে চান তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

জানা গিয়েছে, বাহারুল আলম নিজেই তাঁর কূটনৈতিক পাসপোর্ট সমর্পণ করে সাধারণ পাসপোর্ট ইস্যুর জন্য অনাপত্তি সনদ (এনওসি) চেয়ে গত ৩ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর চিঠি দেন।

চিঠিতে তিনি উল্লেখ করেছেন, “আমি বাহারুল আলম, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাংলাদেশ, আমার ব্যবহৃত কূটনৈতিক পাসপোর্ট সমর্পণপূর্বক সাধারণ পাসপোর্ট গ্রহণ করতে ইচ্ছুক।”

উল্লেখযোগ্য যে, তাঁর বর্তমান মেয়াদ আছে চলতি বছরের ২০ নভেম্বর পর্যন্ত।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের কয়েকজন পদস্থ কর্মকর্তা জানান, নির্বাচনের আগে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল তাঁকে অপসারণের জোর দাবি তুললেও সরকারের শীর্ষ পর্যায়ের সিদ্ধান্তে নির্বাচন পর্যন্ত তার চুক্তি বহাল রাখা হয়।

আর এমন অবস্থায় আইজিপির পাসপোর্ট পরিবর্তনের উদ্যোগকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *