ঢাকা: বিশ্বকাপ ফুটবল নিয়ে ভক্তরা মাতোয়ারা। তবে বাংলাদেশ মনে হয় কয়েক ডিগ্রি উপরেই আছে! এবার তো রীতিমতো ফিফার সভাপতির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ নিয়ে গেলেন এক যুবক।
বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা-মিশরের ম্যাচে রেফারিংয়ে পক্ষপাতের অভিযোগ তুলে ফিফার সভাপতি এবং ম্যাচ রেফারির বিরুদ্ধে নোয়াখালীর সুধারাম মডেল থানায় লিখিত অভিযোগ নিয়ে যান এক তরুণ।
ম্যাচটিতে পূর্বপরিকল্পিত জালিয়াতি ও কোটি কোটি মানুষের আবেগ নিয়ে খেলার অভিযোগ তুলে ওই তরুণ পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ পর্যন্ত দাবি করেছেন।
এই ঘটনা জানার পর তো আরো তোলপাড় শুরু।
জানা গিয়েছে, সভাপতি, রেফারির বিরুদ্ধে অভিযোগকারী মো. রাকিব (২২) সদর উপজেলার মান্দারতলী গ্রামের বাসিন্দা।
বুধবার, ৮ জুলাই রাতে তিনি সুধারাম মডেল থানায় লিখিত নিয়ে উপস্থিত হন।
এই অভিযোগের কথা শুনে পুলিশ জানিয়েছে, এই বিষয়ে তাদের আইনগত এখতিয়ার নেই। তাই অভিযোগ জমা না দিয়েই তাকে ফিরে যেতে হয়েছে।
অভিযোগে রাকিব দাবি করেন, গত মঙ্গলবার রাতে তিনি স্থানীয় করমুল্যা বাজারে আরও অনেকের সঙ্গে বড় পর্দায় আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার বিশ্বকাপ ফুটবলের ম্যাচটি দেখছিলেন।
ম্যাচে রেফারি ইচ্ছাকৃতভাবে একটি দলকে সুবিধা দিয়েছেন এবং এতে তার প্রিয় দল মিশর পরাজিত হয়েছে। তিনি অভিযোগে ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, ম্যাচ রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েরসহ ১৫ থেকে ২০ জনকে অভিযুক্ত হিসেবে উল্লেখ করেন।
রাকিবের অভিযোগ, ম্যাচে অন্যায্য পেনাল্টি দেয়া, বৈধ গোল বাতিল করা এবং মিশরের খেলোয়াড় ও কোচের বিরুদ্ধে পক্ষপাতমূলক সিদ্ধান্ত নেয়ার মাধ্যমে ফলাফল প্রভাবিত করা হয়েছে।
এতে তিনি ও মিশরের সমর্থকেরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি ফিফার কাছ থেকে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ এবং অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে ব্যবস্থা নেয়ার দাবি জানান।
