ঢাকা: অভিনেতা জাহের আলভীকে নিয়ে সারা দেশে তোলপাড় পড়েছে।
তাঁর সঙ্গে দাম্পত্য কলহ, পরকীয়া প্রেমের জেরে ‘আত্মহত্যা’ করেছেন আলভীর স্ত্রী আফরা ইবনাত খান ইকরা। আলভীর সাথে পরকীয়া চলছিলো তিথির।
এমন অভিযোগের মধ্যেই নতুন বিতর্ক সামনে এসেছে।
সোমবার দুপুরে জানা যায়, ইকরার ব্যবহৃত ফেসবুক আইডি হ্যাক করা হয়েছে বলে দাবি করেছেন তাঁর ঘনিষ্ঠ বান্ধবীরা।
দুপুর ১টা পর্যন্ত আইডিটি সচল থাকলেও দেড়টার দিকে হঠাৎই সেটিতে অস্বাভাবিকতা লক্ষ করেন তার বান্ধবী সামিয়া আলম।
সামিয়া দাবি করেছেন, ‘আমাদের তিন বান্ধবীর একটি চ্যাট গ্রুপ ছিল।
সেই চ্যাট গ্রুপে হঠাৎ করে দেখতে পেলাম, ইকরার কথাবার্তা সব মুছে দেওয়া। অন্য বান্ধবীর সঙ্গে এ নিয়ে আলাপ করি। তারপর আমরা নিশ্চিত হই, এই কাজটা জাহের আলভী করেছেন।’
কেন আলভীর বিরুদ্ধে অভিযোগ উঠছে—এমন প্রশ্নে সামিয়ার বক্তব্য, ‘আলভীর ফেসবুক আইডি হ্যাক করানোর সঙ্গে জড়িত থাকার কথা আমরা আগেও শুনেছি।
যেহেতু আমরাই ইকরার কাছের বন্ধু, তাই আমাদের সঙ্গে তার কথোপকথন সব মুছে দিলে হয়তো আলভী বেঁচে যাবে। আমাদের এই গ্রুপে ইকরা তার পারিবারিক অনেক সমস্যা ও সংকটের কথা বলেছে। আলভীর ব্যাপারে অনেক অভিযোগ এই গ্রুপে আছে—তাই হয়তো হ্যাক করে মুছে দিলে এসব থেকে রেহাই পাবে ভাবছে।’
তিনি আরো জানান, ইকরার মৃত্যুর পর থেকেই তাঁর ব্যবহৃত মুঠোফোন পল্লবী থানার পুলিশ আলামত হিসেবে জব্দ করেছে।
এদিকে, রবিবার রাতে দেশে ফিরেছেন আলভী।
তবে তাঁকে নাকি ধরতে পারছে না পুলিশ।
তার ব্যক্তিগত মোবাইল নম্বরে বহুবার কল করার চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে বলে জানা গেছে।
ইকরার মৃত্যুর সময় আলভী নাটকের শুটিংয়ের কাজে নেপালে ছিলেন। তবে শুটিং তো দেখানো ছিলো, আসলে নাকি তিথির জন্মদিন পালনের জন্য সেখানে গিয়েছেন আলভী।
স্ত্রীর মৃত্যুর খবর পাওয়ার পর আলভী জানিয়েছিলেন যে দেশে ফেরার পর তিনি গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত বলবেন। তবে দেশে ফেরার নির্ধারিত সময় পার হয়ে গেলেও তিনি সাংবাদিকদের সামনে আসেননি।
সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ধারণা করা হচ্ছে যে মামলার আইনি জটিলতা এড়াতে তিনি আত্মগোপনে রয়েছেন।
