খুলনা: খুলনা-মোংলা মহাসড়কের গুনাইব্রিজ এলাকায় ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।
বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত বর-বউসহ ১৪ জন মারা গিয়েছেন। মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৪ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে ১০ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।
তবে দেহ কোনো ময়নাতদন্ত হয়নি। ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।
পরিবারের আবেদনের প্রেক্ষিতেই ময়নাতদন্ত ছাড়া শুধুমাত্র সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ।
বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে প্রশাসনও এতে সম্মতি দেয়।
মরদেহ হস্তান্তরের সময় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে নৌবাহিনীর সদস্যরা উপস্থিত থেকে পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ এবং পরিবারকে সহযোগিতা করেন।
ঘটনা সম্পর্কে জানা গেছে, বাংলাদেশ নৌবাহিনীর একটি বাসের সঙ্গে যাত্রীবাহী একটি মাইক্রোবাসের মারাত্মক মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই তিনজন নারীসহ ১৪ জনের মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।
আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
