টাঙ্গাইল: টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলামকে বাবা–মায়ের কবরের পাশে সমাহিত করা হয়েছে।
সোমবার বিকেলে জানাজা শেষে টাঙ্গাইলের সখীপুর উপজেলার বেড়বাড়ী গ্রামের পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন হয়।
এর আগে দুপুর ১২টা নাগাদ টাঙ্গাইল জেলা কোর্ট চত্বরে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
পরে লাশ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি একই উপজেলার বেড়বাড়ীতে। সেখানে বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়।
দেখা যায়, বাধা ও সময় বেঁধে দেওয়ার মতো কঠিন শর্ত উপেক্ষা করেই টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলামের জানাজায় হাজারো মানুষের ঢল নামে।
মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। অনেকেই বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে সাবেক এই সংসদ সদস্যের জানাজা আয়োজনে অনেক প্রতিবন্ধকতা ছিল।
দ্রুত জানাজা শেষ করতেও বলা হয়। তবে সাধারণ মানুষ এইসবের তোয়াক্কা করেনি। তাঁরা তাঁদের প্রিয় মানুষকে সম্মান জানায়।
তাঁর গার্ড অব অনার অনুষ্ঠানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার তৌফিক ইসলাম।
বার্ধক্যজনিত নানান শারীরিক জটিলতায় ভুগছিলেন জোয়াহেরুল ইসলাম। ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি ভারতে চলে যান।
সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কলকাতার দমদম এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে এক সপ্তাহের বেশি সময় চিকিৎসাধীন থাকার পর শেষ ছয় দিন তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়।
অবশেষে গত শুক্রবার রাত সাড়ে ১০টায় তিনি মারা যান।
